শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা, বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪০

ছবি: সংগৃহীত

রাজশাহীর দুর্গাপুরে একটি সরকারি কলেজে ঢুকে এক নারী শিক্ষিকাকে জুতাপেটা করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। একই ঘটনায় কলেজে ভাঙচুর ও আরও কয়েকজন শিক্ষককে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে এ ঘটনা ঘটে। এতে অধ্যক্ষসহ অন্তত পাঁচজন আহত হন।

প্রত্যক্ষদর্শী, শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, পরীক্ষা চলাকালে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের কক্ষে প্রবেশ করে আগের সময়ের আয়-ব্যয়ের হিসাব নিয়ে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রভাষক আলেয়া খাতুন হীরাকে মারধর করা হয়।

পরে হামলাকারীরা অধ্যক্ষসহ আরও কয়েকজন শিক্ষককে লক্ষ্য করে হামলা চালায় এবং অফিস কক্ষে ব্যাপক ভাঙচুর করে।

আহতদের মধ্যে রয়েছেন অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রভাষক আলেয়া খাতুন হীরা ও অধ্যাপক রেজাউল করিম আলমসহ আরও দুই কর্মচারী। তাদের কয়েকজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রভাষক আলেয়া খাতুন হীরা অভিযোগ করে বলেন, কলেজে বিভিন্ন সময় এসে হিসাবের নামে চাঁদা দাবি করা হতো। এর প্রতিবাদ করায় তিনি হামলার শিকার হয়েছেন।

অভিযুক্ত বিএনপি নেতা আকবর আলী দাবি করেন, তারা অনিয়ম-দুর্নীতির হিসাব চাইতে গেলে উল্টো তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। তার অভিযোগ, প্রথমে শিক্ষিকাই তাদের ওপর হামলা করেন, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

অধ্যক্ষ আব্দুর রাজ্জাক বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন পক্ষ তার কাছে চাঁদা দাবি করে আসছিল। তা প্রত্যাখ্যান করায় বিরোধ তৈরি হয়।

দুর্গাপুর থানার পুলিশ জানায়, পরীক্ষা কেন্দ্র হওয়ায় এলাকায় ১৪৪ ধারা জারি ছিল এবং আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল। এরপরও কিছু লোক জোরপূর্বক প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top