বিতর্কের মুখে ক্ষমা চাইলেন বাদশাহ, গাইতে চান বিশেষ গান
চিত্তবিনোদন ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ১৪:২৩
নিজের গাওয়া ‘টাটেরি’ গানকে ঘিরে অশালীন শব্দ ও আপত্তিকর দৃশ্য ব্যবহারের অভিযোগে তীব্র সমালোচনার মুখে পড়ে অবশেষে ক্ষমা চাইলেন ভারতের জনপ্রিয় র্যাপার বাদশাহ। জনমতের চাপ এবং জাতীয় মহিলা কমিশনের কড়া অবস্থানের মুখে মঙ্গলবার (৭ এপ্রিল) সশরীরে হাজির হয়ে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেন তিনি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, শুনানিকালে বাদশাহ সংশ্লিষ্ট প্যানেলকে আশ্বস্ত করে বলেন, তিনি তার ভুলের সংশোধন করতে চান। এর অংশ হিসেবে আগামী চার মাসের মধ্যে নারী ক্ষমতায়ন নিয়ে একটি বিশেষ গান প্রকাশের প্রতিশ্রুতি দেন তিনি।
শুধু তাই নয়, ৫০ জন কন্যাশিশুর শিক্ষার দায়িত্ব নেওয়া এবং নারীদের কল্যাণে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য তহবিল সংগ্রহের অঙ্গীকারও করেন এই শিল্পী।
উল্লেখ্য, গত মার্চে প্রকাশিত ‘টাটেরি’ গানটির কথা ও দৃশ্য নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, এতে নারীদের অশালীন ও অসম্মানজনকভাবে উপস্থাপন করা হয়েছে। বিষয়টি জাতীয় মহিলা কমিশনের নজরে এলে তারা বাদশাহর বিরুদ্ধে ব্যবস্থা নেয়।
এরই মধ্যে বিতর্কিত গানটি ইন্টারনেট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে সমালোচনা এখানেই থামেনি। গানটির মাধ্যমে নারীদের অবমাননার অভিযোগে হরিয়ানায় বাদশাহর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট আইনে দোষী প্রমাণিত হলে তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হতে পারে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।