মালদ্বীপে গেস্টহাউসে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫ বাংলাদেশি
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬, ১৫:৪০
মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে একটি নির্মাণস্থলের গেস্টহাউসে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও দুই বাংলাদেশি।
শুক্রবার ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বিস্ফোরণের পর গেস্টহাউসের ভেতর থেকে সাত বাংলাদেশিকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন—তাজ উদ্দিন ইসলাম, মোহাম্মদ সদর আলী, মোহাম্মদ রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মোহাম্মদ নূরনবী সরকার। গুরুতর আহত অপর দুইজন হলেন জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, বিস্ফোরণের ফলে গেস্টহাউসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ সোহেল পারভেজ জানান, আহত দুজনের একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে এবং অন্যজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, ঘটনার বিষয়ে খোঁজখবর নিতে হাইকমিশনের একটি প্রতিনিধিদল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন বিস্ফোরণের প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে। মর্মান্তিক এ ঘটনায় মালদ্বীপে প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।