নরসিংদী পলাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
নরসিংদী প্রতিনিধি | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ১৬:২০
নরসিংদীর পলাশে গলায় ফাঁস দিয়ে শুভ চক্রবর্তী (১৮) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার জিনারদী ইউনিয়নের রাবান গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পলাশ থানা পুলিশ। নিহত শুভ চক্রবর্তী রাবান গ্রামের সুজন চক্রবর্তীর ছেলে। তিনি ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী গ্রামের একটি প্লাস্টিক কারখানার শ্রমিক ছিলেন।
নিহতের বাবা সুজন চক্রবর্তী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ঘোড়াশাল পৌর এলাকার চামড়াবো গ্রামের স্বর্ণা চক্রবর্তীর সঙ্গে প্রেম করে বিয়ে হয় শুভ চক্রবর্তীর। তাদের সংসারে দ্রুব চক্রবর্তী নামে আট মাস বয়সি এক ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর মাঝেমধ্যে তাদের মধ্যে কথা কাটাকাটি হতো। গতকাল রোববার বিকেলে স্ত্রী স্বর্ণা চক্রবর্তী শিশু সন্তানকে নিয়ে স্বামীকে বাসায় রেখে বাবার বাড়ি বেড়াতে যান। পরে রাতের কোনো একসময় ঘরের ভেতরে দরজা বন্ধ করে ধরনার (বিমের) সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শুভ চক্রবর্তী।
এদিকে আজ সকাল ৯টার দিকে ছেলের জন্য দুধ নিতে স্বামীর বাড়িতে আসেন নিহত শুভ চক্রবর্তীর স্ত্রী স্বর্ণা চক্রবর্তী। পরে ঘরের দরজা বন্ধ অবস্থায় দেখে অনেক ডাকাডাকি করেও স্বামীর সাড়াশব্দ পাননি। এ সময় স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা ভেঙে শুভ চক্রবর্তীর মরদেহ ঘরের ধরনার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে দুপুর দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পলাশ থানার ওসি শাহেদ আল মামুন বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আত্মহত্যার কারণ উদঘাটনসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।