শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

সংরক্ষিত নারী আসনে এমপি হতে আগ্রহী অভিনেত্রী রিনা খান

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৩৮

সংগৃহীত

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় খল-অভিনেত্রী রিনা খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে যুক্ত থেকে এবার সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে রাজধানীর গুলশান এলাকায় নির্বাচনি প্রচারণায় অংশ নেন রিনা খান। প্রচারণার একপর্যায়ে তিনি তার এই প্রত্যাশার কথা জানান।

এদিন বিকেলে গুলশান-১ পুলিশ প্লাজার আশপাশে প্রচারণাকালে রিনা খান বলেন, তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতেই তিনি সাধারণ মানুষের কাছে ধানের শীষে ভোট চাইছেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী মনির খান, রবি চৌধুরী, সংগীত পরিচালক শওকত আলী ইমন এবং অভিনেত্রী হুমায়রা সুবাহ।

রিনা খান জানান, তিনি দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক অঙ্গনে বিএনপিপন্থী সংগঠন জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) সিনিয়র সহসভাপতি হিসেবে সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন,

“আমি সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য হতে চাই। আশা করছি, দল থেকে একটি আসন পাব।”

গত ১৭ বছরে দেশের সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীদের নানা প্রতিকূল পরিস্থিতির কথা তুলে ধরে রিনা খান বলেন,

“অনেক শিল্পী দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। যারা দেশে থেকেছেন, তারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। আমি নিজেও দেশে থেকে নানাভাবে নির্যাতিত হয়েছি।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top