শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

দুই শিল্পীর ‘চড়’ কাণ্ডে অভিনয়শিল্পী সংঘের সতর্কবার্তা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ মার্চ ২০২৬, ১৯:১৫

ছবি: সংগৃহীত

সম্প্রতি এক ফেসবুক লাইভে অভিনেত্রী সামিয়া অথৈ সহশিল্পী তানজিন তিশা–র বিরুদ্ধে মারধরের অভিযোগ আনেন। তার দাবি, মঙ্গলবার (৩ মার্চ) মানিকগঞ্জে একটি নাটকের শুটিং চলাকালে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে চড় মারেন তিশা।

অভিযোগটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এর পরদিন বুধবার (৪ মার্চ) সকালে বিবৃতি দেয় ছোটপর্দার শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ

সংগঠনের বিবৃতিতে বলা হয়, কোনো সদস্যের সঙ্গে জটিলতা বা মতভেদ সৃষ্টি হলে তা সংগঠনকে অবহিত না করে সামাজিক যোগাযোগমাধ্যম বা গণমাধ্যমে প্রচার করা সংঘের আচরণবিধির পরিপন্থী।

তাদের ভাষ্য, এ ধরনের পরিস্থিতিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর পারস্পরিক আলোচনা, প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া ও সাংগঠনিক কাঠামোর মধ্য দিয়েই সমাধান হওয়া উচিত। একতরফাভাবে সামাজিক মাধ্যমে কোনো ঘটনা উপস্থাপন করলে তা পেশাজীবী সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে এবং বিভ্রান্তি ছড়াতে পারে।

সংগঠন আরও জানায়, আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ মিললে সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

ফেসবুক লাইভে সামিয়া অথৈ বলেন, একটি দৃশ্যে সহশিল্পী তানজিন তিশাকে তাকে চড় মারার কথা ছিল। পরিচালকের নির্দেশনা অনুযায়ী তিনি আলতোভাবে চড় মারেন। তবে অভিযোগ অনুযায়ী, দৃশ্য ধারণের পর তিশা পাল্টা চড় মারেন এবং শুটিং সেটে সবার সামনে একাধিকবার আঘাত করেন।

অন্যদিকে তানজিন তিশা দাবি করেন, তিনি চরিত্রের প্রয়োজনে অভিনয় করেছেন। নাটকে তিনি একজন বিশেষ চাহিদাসম্পন্ন চরিত্রে অভিনয় করছেন, যে পরিস্থিতি অনুযায়ী সহিংস আচরণ করতে পারে। কাজটি প্রচার হলে দর্শক পুরো বিষয়টি বুঝতে পারবেন বলে মন্তব্য করেন তিনি।

নাটকটি আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির কথা রয়েছে। এটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। ঘটনাটি নিয়ে বিনোদন অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top