সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

রাহুল অরুণোদয়ের অকাল প্রয়াণে টলিউডে অনির্দিষ্টকালীন কর্মবিরতি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ১৬:২৯

সংগৃহীত

কলকাতার টলিউডে শোকের ছায়া নেমেছে। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ মৃত্যু শিল্পী সমাজকে দারুণভাবে মর্মাহত করেছে। সহকর্মীরা এখনও এ অকাল প্রয়াণ মেনে নিতে পারছে না।

গত ২৯ মার্চ, ধারাবাহিক ‘ভোলে বাবা পার করবে’ এর শুটিং চলাকালীন তালসারি সমুদ্রে হঠাৎ ডুবে যান রাহুল। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। প্রিয় শিল্পীর অকাল প্রয়াণের সঠিক কারণ এখনও অজানা।

এই ঘটনায় নিরাপত্তার অভাব ও শুটিংয়ের সময় শিল্পী ও কলাকুশলীদের সুরক্ষা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তাই ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরাম রবিবার (৫ এপ্রিল) টেকনিশিয়ান্স স্টুডিওতে জরুরি সভার আয়োজন করে। সভায় শিল্পী ফোরাম, ফেডারেশন, টেলিভিশন প্রযোজক ও পরিচালকেরা উপস্থিত থেকে সিদ্ধান্ত নেন, আগামী ৭ এপ্রিল সকাল ৭টা থেকে অনির্দিষ্টকালের জন্য শিল্পী ও কলাকুশলীরা শুটিং ও কাজ বন্ধ রাখবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত শুটিংয়ে অভিনেতা ও কলাকুশলীদের নিরাপত্তা বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হবে না, কর্মবিরতি চলবে। সোমবার থেকে স্টুডিওতে সকল সদস্যকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে, তবে যারা ইতিমধ্যেই কলকাতা বা রাজ্যের বাইরে আউটডোর শুটিংয়ে আছেন, তাদের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য নয়।

শিল্পী ও কলাকুশলীরা আশা করছেন, এই কর্মবিরতির মাধ্যমে শুটিংয়ের সময় সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে এমন অকাল দুর্ঘটনা আর না ঘটে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top