মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করছে সরকার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৯

সংগৃহীত

সরকার দেশের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জন্য সামাজিক সুরক্ষা জোরদার করতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে। মূল্যস্ফীতি ও অর্থনৈতিক চাপে থাকা পরিবারগুলোর আর্থিক সক্ষমতা বাড়াতে এই কার্ডের মাধ্যমে মাসিক নগদ সহায়তা বা নিত্যপ্রয়োজনীয় পণ্য সরাসরি পৌঁছে দেওয়া হবে।

কর্মসূচির লক্ষ্য ও সুবিধা

ফ্যামিলি কার্ডের আওতাভুক্ত পরিবারগুলোকে নিয়মিত নগদ সহায়তা দেওয়া হবে। বিশেষভাবে নারীর হাতে এই অর্থ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে, যা নারীর ক্ষমতায়নেও ভূমিকা রাখবে। এছাড়া প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে, যাতে সহায়তা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত হয়।

আবেদন প্রক্রিয়া ও তথ্য সংরক্ষণ

জাতীয় পরিচয়পত্র (NID)-এর ভিত্তিতে একটি কেন্দ্রীয় ডেটাবেস তৈরি করা হবে। এতে প্রতিটি পরিবারের তথ্য সংরক্ষিত থাকবে, ফলে অনিয়ম, ভুয়া তালিকা ও মধ্যস্বত্বভোগীর সুযোগ কমবে।

প্রথম ধাপে পাইলট প্রকল্প হিসেবে কিছু নির্দিষ্ট এলাকায় কার্যক্রম শুরু হবে। পরে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে উপকারভোগীর তালিকা তৈরি করে ধাপে ধাপে সারা দেশে সম্প্রসারণ করা হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

  • আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (NID)
  • পাসপোর্ট সাইজের রঙিন ছবি
  • সচল মোবাইল নম্বর

আবেদন স্থল

পাইলট কার্যক্রম শেষে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকে আবেদন ফর্ম সংগ্রহ করা যাবে। এছাড়া ঘরে বসেই আবেদন করার সুবিধার জন্য একটি অনলাইন পোর্টাল চালুর প্রস্তুতি চলছে। প্রতি পরিবারে একটি করে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে।

প্রশাসনিক ব্যবস্থা

সরকার ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত ১৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে। কমিটিকে সভাপতি করা হয়েছে অর্থমন্ত্রীর ওপর। সদস্যদের মধ্যে রয়েছেন মহিলা ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী, উপদেষ্টা মাহ্দী আমিন, উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিবরা।

সরকার আশা করছে, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়িত হলে অর্থনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ পরিবারগুলো সরাসরি উপকৃত হবে এবং দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top