মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মার্কিন কংগ্রেস সদস্যের অভিনন্দন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০০

ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটিক পার্টির প্রভাবশালী সদস্য গ্রেস মেং।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দেওয়া এক বিবৃতিতে তিনি প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের জনগণের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।

গ্রেস মেং উল্লেখ করেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘিরে নিউ ইয়র্কের কুইনসসহ যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল। প্রবাসীরা বাংলাদেশে টেকসই গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি এবং মানবাধিকার সুরক্ষার ধারাবাহিকতা দেখতে চান বলেও তিনি মন্তব্য করেন।

নিজ নির্বাচনী এলাকায় বসবাসরত বৃহৎ বাংলাদেশি-আমেরিকান জনগোষ্ঠীর প্রত্যাশার কথা তুলে ধরে তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকারের নেতৃত্বে বাংলাদেশে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকবে। পাশাপাশি দুই দেশের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কূটনৈতিক, বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক আরও বিস্তৃত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং সেই যাত্রায় যুক্তরাষ্ট্র পাশে থাকবে—এমন প্রত্যয়ও ব্যক্ত করেন গ্রেস মেং। একই সঙ্গে তিনি তার নির্বাচনী এলাকার বাংলাদেশি-আমেরিকানদের স্বার্থরক্ষায় কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top