মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

৬ দিনে ঢাকা থেকে বাতিল হলো ২১০ ফ্লাইট

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ মার্চ ২০২৬, ০৪:৩১

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকা থেকে বিভিন্ন দেশে উড়োজাহাজ চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। গত ছয় দিনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ২১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ গত ২৮ ফেব্রুয়ারি থেকে সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এর মধ্যে রয়েছে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান। এসব দেশের আকাশপথ বন্ধ থাকায় সরাসরি প্রভাব পড়ে ঢাকার আন্তর্জাতিক বিমান চলাচলে।

বৃহস্পতিবার (৫ মার্চ) একদিনেই ৩৪টি ফ্লাইট বাতিল হয়েছে। সব মিলিয়ে গত ছয় দিনে বিভিন্ন বিমান সংস্থার মোট ২১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আকাশপথ বন্ধ থাকায় ২৮ ফেব্রুয়ারি ঢাকা থেকে ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি এবং ৪ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল করা হয়।

বৃহস্পতিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কাতারভিত্তিক একটি বিমান সংস্থার চারটি, কুয়েতের দুটি পৃথক বিমান সংস্থার মোট আটটি, শারজাভিত্তিক একটি সংস্থার দশটি, দুবাইভিত্তিক একটি সংস্থার চারটি, দেশের একটি বেসরকারি বিমান সংস্থার দুটি, বাহরাইনভিত্তিক একটি সংস্থার দুটি এবং দুবাইগামী আরেকটি সংস্থার চারটি ফ্লাইট রয়েছে।

এদিকে ৫ মার্চ পর্যন্ত বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েতগামী সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে দেশের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top