সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

প্রাথমিকে অনলাইন ক্লাসের পরিকল্পনা নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ১৬:০২

ছবি: সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, দেশে হামের প্রাদুর্ভাব ও জ্বালানিসংকটের মধ্যেও প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা বা অনলাইন ক্লাসের কোনো পরিকল্পনা এখন সরকারের নেই। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে মন্ত্রণালয় অনলাইন শিক্ষার দিকে যাচ্ছে না, বরং সশরীরে পাঠদান চালিয়ে যাওয়াকেই অগ্রাধিকার দিচ্ছে।

সোমবার (৬ এপ্রিল) রাজধানীর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, স্কুল বন্ধের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনও গৃহীত হয়নি।

ববি হাজ্জাজ বলেন, শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। আগামী জুন-জুলাই মাসে শিক্ষা ক্ষেত্রে নতুন ও যুগোপযোগী পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা রয়েছে। এই নতুন পদক্ষেপ বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ের প্রস্তুতি এবং বিদ্যালয়ের বর্তমান অবস্থা যাচাই করতেই তিনি পরিদর্শনে নেমেছেন।

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য প্রতিটি বিদ্যালয়ের ভৌত অবকাঠামো সংস্কার করা। সম্প্রতি হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ সতর্কতার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ পরিস্থিতিতে সরাসরি ক্লাস বন্ধের প্রয়োজন দেখা দেয়নি।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক স্তরের শিশুদের জন্য অনলাইন ক্লাস খুব ফলপ্রসূ নয়। তাই মন্ত্রণালয় শিশুদের সশরীরে উপস্থিতি নিশ্চিত করে পাঠদান চালিয়ে যাওয়াকেই অগ্রাধিকার দিচ্ছে। শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তা সরকারের সর্বোচ্চ বিবেচনায় রয়েছে। পরিস্থিতি অবনতি হলে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় মন্ত্রণালয় নিয়মিত পরিদর্শনের মাধ্যমে শিক্ষার মাঠপর্যায়ের চিত্র সরাসরি সরকারের উচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়ার আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top