সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

নতুন সরকারের প্রথম একনেকে ৬ প্রকল্প অনুমোদন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ১৭:৩২

ছবি: সংগৃহীত

নতুন সরকার গঠনের পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে সভায় আলোচ্যসূচিতে থাকা ৮টি প্রকল্পের মধ্যে ৬টি অনুমোদিত হয়েছে। বাকি ২টি প্রকল্প পরবর্তী পর্যালোচনার জন্য রাখা হয়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জসিম উদ্দিন জানিয়েছেন, সভায় মোট ১৯টি প্রকল্প উপস্থাপনের কথা থাকলেও সময় সীমাবদ্ধতার কারণে শুধুমাত্র ৮টির উপর আলোচনা সম্ভব হয়েছে। বাকি প্রকল্পগুলো নিয়ে আগামী সপ্তাহের বৈঠকে বিস্তারিত আলোচনা হবে।

দীর্ঘদিন ধরে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভার রেওয়াজ থাকলেও এবার বৈঠক অনুষ্ঠিত হয়েছে সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে। কর্মকর্তাদের ধারণা, প্রধানমন্ত্রীর ব্যস্ত সূচি ও সচিবালয়কেন্দ্রিক কার্যক্রম পরিচালনার সুবিধার্থেই ভেন্যু পরিবর্তন করা হয়েছে।

একনেক বৈঠকের প্রস্তুতি হিসেবে পরিকল্পনা কমিশন চত্বরে রাস্তা সংস্কার, নতুন গাছের সংযোজন ও সাজসজ্জার কাজ করা হয়েছিল। তবে শেষ মুহূর্তে স্থান পরিবর্তন করা হয়।

গত ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে নতুন একনেক কমিটি গঠন করা হয়। বিকল্প সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের প্রথম এই সভা ছিল উন্নয়ন প্রকল্প নির্ধারণ ও ব্যয় পর্যালোচনার উদ্দেশ্যে অনুষ্ঠিত শীর্ষ কমিটির প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top