মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১৯:৫৮

ছবি: সংগৃহীত

খ্যাতনামা মার্কিন সাময়িকী টাইম প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি এ অর্জনকে দেশের জন্য ঐতিহাসিক গৌরব, আবেগ এবং গণতান্ত্রিক মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

মাহদী আমিন তার পোস্টে জানান, এই স্বীকৃতির মাধ্যমে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব, সাহসিকতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পেয়েছে। তিনি বলেন, একটি কঠিন সময়ে যখন দেশে গণতন্ত্র বাধাগ্রস্ত ছিল, ভোটাধিকার ও বাকস্বাধীনতা সংকুচিত ছিল, তখন তারেক রহমান দৃঢ়তা ও সাহস নিয়ে সামনে এগিয়ে আসেন।

তিনি শুধু নেতৃত্বই দেননি, বরং মানুষের মাঝে আশা জাগিয়েছেন এবং নির্যাতিত মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করেছেন বলেও উল্লেখ করা হয়।

পোস্টে আরও বলা হয়, তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ সংগ্রামের পথ পেরিয়ে বাংলাদেশ আবারও গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার সুরক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তার ভূমিকা এখন বিশ্বমঞ্চে স্বীকৃত।

দেশে প্রত্যাবর্তনের প্রসঙ্গ তুলে মাহদী আমিন জানান, দেশে ফিরে প্রধানমন্ত্রী একটি পরিকল্পনার ঘোষণা দেন এবং বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও সমন্বিত বাংলাদেশ গঠনে কাজ শুরু করেন। নির্বাচিত সরকারের স্বল্প সময়ের মধ্যেই গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রগতি হয়েছে বলেও দাবি করা হয়।

টাইমের এই স্বীকৃতিকে গণতন্ত্রের জন্য দীর্ঘ সংগ্রামের ফল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এটি প্রমাণ করে একজন নেতার প্রকৃত শক্তি ক্ষমতায় নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠায় নিহিত।

এ আন্তর্জাতিক স্বীকৃতিকে দেশের প্রতিটি নাগরিকের অর্জন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এটি গণতন্ত্রের বিজয়, জনতার বিজয় এবং বাংলাদেশের বিজয়।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top