সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

সরকারের কথা শুনলে মনে হয় বাংলাদেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ১৭:৪৪

ছবি: সংগৃহীত

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান সরকারের জ্বালানি নীতি এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির তীব্র সমালোচনা করে বলেছেন, সরকারি দলের মন্ত্রী ও সংসদ সদস্যদের কথা শুনলে মনে হয় বাংলাদেশ যেন তেলের ওপর ভাসছে।

সোমবার জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, পাম্পে দীর্ঘ লাইন থাকা সত্ত্বেও সরকার রিজার্ভ বেশি থাকার দাবি করে প্রকৃত সত্য আড়াল করতে চাচ্ছে। সংসদে জ্বালানি সংকট নিয়ে আলোচনা করতে চাইলে সেই নোটিশ আলোচনায় অন্তর্ভুক্ত করা হয় না, দাবি তার।

তিনি বর্তমান সংসদের গঠন নিয়ে মন্তব্য করে বলেন, এখানে প্রবেশ করা অনেকেই কোনো না কোনোভাবে মজলুম—কেউ জেল খেটেছেন, কেউ আয়নাঘরে বন্দি ছিলেন, কেউ আবার ফাঁসির মঞ্চ বা নির্বাসন থেকে ফিরে এসেছেন। তিনি প্রশ্ন তোলেন, এমন সংসদ যদি জনগণের দুঃখ বোঝে না, তবে কে বোঝাবে?

ডা. শফিকুর রহমান সতর্ক করে বলেন, ৫৪ বছর ধরে ফ্যাসিবাদ বাঙালি জাতিকে দাবিয়ে রেখেছিল, ২০২৪ সালে বিপ্লবীরা তা বঙ্গোপসাগরে ফেলে দিয়েছে। এখন যারা সেই নর্দমা থেকে ফ্যাসিবাদকে পুনরায় আনতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও জামায়াতে ইসলামী ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।

বক্তব্যের এক পর্যায়ে জামায়াত আমির ২৪-এর আন্দোলনের লক্ষ্য ব্যাখ্যা করে বলেন, বর্তমান প্রজন্ম শুধু ব্যক্তি পরিবর্তনের জন্য লড়াই করেনি, বরং ফ্যাসিবাদী ব্যবস্থার মূল পরিবর্তনের জন্য সংগ্রাম করেছে। তিনি দাবি করেন, বিগত নির্বাচনে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ রায়ে জামায়াতকে সমর্থন দিয়েছিল, কিন্তু সেই রায়কে ‘হাইজ্যাক’ ও ‘ডাকাতি’ করা হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের রায় অস্বীকার করা হয়েই বাংলাদেশে নতুন ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে। তিনি ঘোষণা করেন, এই সংসদ মানুক বা না মানুক, জামায়াতে ইসলামী জনগণের রায় বাস্তবায়নে রাজপথে ফিরে যাবে এবং যেকোনো মূল্যে ন্যায় প্রতিষ্ঠা করবে।

দলের অভ্যন্তরীণ গণতন্ত্রের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, যারা নিজের দলের মধ্যে গণতন্ত্র ও ন্যায়ের চর্চা করতে পারে না, তারা কখনো ১৮ কোটি মানুষকে নিরাপত্তা বা গণতন্ত্র দিতে পারবে না। সংসদে উপস্থিত ৭৭ জন সদস্য জনগণের অধিকার রক্ষায় অতন্দ্র প্রহরীর মতো কাজ করবে এবং জাতির ভাগ্য নিয়ে কাউকে খেলা করতে দেবে না।

আলোচনা সভায় জাগপা-র মুখপাত্র রাশেদ প্রধানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ডা. শফিকুর রহমান দৃঢ়ভাবে প্রত্যয় ব্যক্ত করেন, যেকোনো মূল্যে বাংলাদেশে পুনরায় ফ্যাসিবাদের ফিরে আসা রোধ করা হবে এবং ইনশাআল্লাহ এই অশুভ যাত্রা থামানো সম্ভব হবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top