হুমকিতে নয়, যুদ্ধের ক্ষতিপূরণ মিললেই কেবল খোলা হবে হরমুজ: ইরান
আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ০৮:০৪
যুদ্ধের ক্ষতিপূরণ পেলেই কেবল হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে বলে জানিয়েছে ইরান। রোববার (৫ এপ্রিল) দেশটির প্রেসিডেন্টের দপ্তরের যোগাযোগবিষয়ক উপপ্রধান সাইয়্যেদ মেহদি তাবাতাবায়ী এ তথ্য জানান।
তিনি বলেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ট্রানজিট ফির ওপর ভিত্তি করে একটি নতুন আইনি কাঠামোর মাধ্যমে ক্ষতিপূরণ পরিশোধ করতে হবে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ডোনাল্ড ট্রাম্প-এর হুমকির কড়া সমালোচনা করেন। তাবাতাবায়ী বলেন, ইরানের বেসামরিক অবকাঠামোর ওপর হামলার হুমকি আসলে হতাশা ও ক্ষোভের বহিঃপ্রকাশ, যা ভিত্তিহীন ও অযৌক্তিক।
অন্যদিকে জাতিসংঘ-এ নিযুক্ত ইরানের মিশন ট্রাম্পের মন্তব্যের নিন্দা জানিয়ে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট বেসামরিক জনগণের জীবনধারণের জন্য অপরিহার্য অবকাঠামো ধ্বংসের হুমকি দিচ্ছেন।
তারা আরও উল্লেখ করে, এ ধরনের বক্তব্য বেসামরিক নাগরিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং যুদ্ধাপরাধ সংঘটনের ইঙ্গিত বহন করে। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
এদিকে চীন-এর পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, হরমুজ প্রণালিতে নৌ-চলাচল সংকটের স্থায়ী সমাধান হলো যুদ্ধবিরতিতে পৌঁছানো। তিনি সের্গেই ল্যাভরভ-এর সঙ্গে ফোনালাপে এ মন্তব্য করেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
সূত্র: আল জাজিরা
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।