বৃহঃস্পতিবার, ৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

পরিবহন ও সংযোগ খাতে অংশীদারিত্ব জোরদারে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২৬, ১৬:১৯

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে পরিবহন, অবকাঠামো ও সামুদ্রিক খাতে সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ে সড়ক পরিবহন ও সেতু, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের এক সৌজন্য বৈঠকে এ আলোচনা হয়।

ইইউ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার, সংযোগ বৃদ্ধি এবং পরিবহন ও অবকাঠামো খাতে নতুন সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়।

বৈঠকে মন্ত্রী শেখ রবিউল আলম বাংলাদেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে, বিশেষ করে রেল ও নৌপরিবহন খাতে, ইউরোপীয় ইউনিয়নের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বাংলাদেশ ও ইইউর সম্পর্ক পারস্পরিক আস্থা ও উন্নয়ন সহযোগিতার ভিত্তিতে আরও শক্তিশালী হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার ইইউর সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে আগ্রহী এবং দেশের যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অন্যদিকে, ইইউ রাষ্ট্রদূত বাংলাদেশের যোগাযোগ খাতে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে রেল খাত ও চট্টগ্রাম বন্দরের উন্নয়নে ইউরোপীয় ইউনিয়নের আগ্রহের কথা তুলে ধরেন তিনি। চট্টগ্রাম বন্দরকে একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক প্রবেশদ্বার হিসেবেও উল্লেখ করেন রাষ্ট্রদূত।

বৈঠকে উভয় পক্ষ আগামী বছরগুলোতে অংশীদারিত্ব আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করে। এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top