শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

বাংলাদেশ পুনর্গঠনে জনগণের রায় চাইলেন তারেক রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:৩৬

সংগৃহীত

বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে জনগণের রায় চেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারণার শেষ দিনে সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৭ এর বনানী কামাল আতাতুর্ক মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, “আর মাত্র দুদিন পর ইনশাআল্লাহ বাংলাদেশের বহু প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের জন্য গত ১৬ বছরে বাংলাদেশের বহু মানুষ প্রাণ হারিয়েছেন। জুলাই আন্দোলনে আমরা দেখেছি, কত মানুষকে হত্যা করা হয়েছে।”

তিনি বলেন, “আমাদের বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে এবং দেশকে সামনে এগিয়ে নিতে হবে। বিএনপি যে কর্মসূচি দিয়েছে, তা বাস্তবায়নের সুযোগ আপনারা আমাদের দিন। ইনশাআল্লাহ বিএনপি আপনাদের সঙ্গে নিয়ে আগামী দিনে দেশ গঠন করবে। আমাদের মূল লক্ষ্য দেশকে পুনর্গঠন করা।”

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, “এই দেশ আমাদেরই গড়ে তুলতে হবে। যেমন নিজের ঘর নিজেকেই সামাল দিতে হয়, তেমনি দেশকেও আমাদেরই গড়ে তুলতে হবে। আমি ঢাকা-১৭ আসনের প্রার্থী হিসেবে আপনাদের সবার কাছে ধানের শীষের পক্ষে ভোট চাই।”

বনানীর জনসভা শেষে তারেক রহমান রাজধানীর বিভিন্ন আসনে বিএনপির প্রার্থীদের পক্ষে ধারাবাহিক পথসভায় বক্তব্য দেন। তিনি ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম রবির নির্বাচনী এলাকা কলাবাগান ক্রীড়াচক্র মাঠে, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের নির্বাচনী এলাকা পীর জঙ্গি মাজার রোডে, ঢাকা-৯ আসনে হাবিবুর রশীদ হাবিবের নির্বাচনী এলাকা বাসাবো তরুণ সংঘ মাঠে এবং ঢাকা-৫ আসনে নবী উল্লাহ নবীর যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে আয়োজিত পথসভায় বক্তব্য দেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top