শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

আজ পবিত্র জুমাতুল বিদা

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ০৯:৪২

ছবি: সংগৃহীত

আজ পবিত্র জুমাতুল বিদা। রমজান মাসের শেষ শুক্রবার, যা মুসলিম বিশ্বের কাছে বিশেষ মর্যাদাপূর্ণ দিন হিসেবে বিবেচিত। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজানের ৩০ দিন আজ পূর্ণ হচ্ছে।

হিজরি ১৪৪৭ সনের এই বরকতময় মাসকে বিদায় জানানোর মধ্য দিয়ে দিনটি ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্বে বিশেষ মাত্রা পেয়েছে। সারা দেশের ধর্মপ্রাণ মুসলমানদের কাছে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও আবেগঘন, কারণ এর মাধ্যমেই এক বছরের জন্য বিদায় নিচ্ছে পবিত্র রমজান।

আজকের এই দিনে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের প্রতিটি মসজিদে জুমার নামাজে অংশ নিতে সমবেত হবেন বিপুলসংখ্যক মুসল্লি। জুমার খুতবায় খতিব ও আলেমরা রমজানের ফজিলত, তাকওয়া বা খোদাভীতি এবং জুমাতুল বিদার গুরুত্ব তুলে ধরবেন।

রমজানের শেষ শুক্রবারটি মুমিনদের হৃদয়ে একদিকে বিচ্ছেদের বেদনা জাগাবে, অন্যদিকে মহান আল্লাহর নৈকট্য লাভের এক বিশেষ সুযোগ হিসেবে বিবেচিত হবে। জাতীয় মসজিদে বৃহত্তম জুমার জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিমের শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

এদিকে, আজকের দিনটি পবিত্র ঈদুল ফিতরের আগমনী বার্তাও বহন করছে। রমজানের ৩০ দিন পূর্ণ হওয়ায় চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল শনিবার সারা দেশে উদযাপিত হতে পারে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। জুমাতুল বিদার দোয়া ও মোনাজাতে অংশ নেওয়ার পর মুসল্লিরা ঈদের প্রস্তুতির চূড়ান্ত পর্বে প্রবেশ করবেন।

সারা দেশের মসজিদগুলোতে আজ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশ ও জাতির সমৃদ্ধি এবং ভ্রাতৃত্ববোধ জোরদারে বিশেষ প্রার্থনা করা হবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top