তেলবাহী দুটি ট্যাংকারে হামলার পর ইরাকের সব জ্বালানি বন্দর বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ১৩:০৪
তেলবাহী দুটি ট্যাংকারে হামলার ঘটনার পর মধ্যপ্রাচ্যের দেশ ইরাকের সব জ্বালানি বন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে দেশটির বাণিজ্যিক বন্দরগুলোতে কার্যক্রম আগের মতোই স্বাভাবিক রয়েছে।
বৃহস্পতিবার দেশটির এক সরকারি কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
ইরাকের জেনারেল কোম্পানি ফর পোর্টসের প্রধান ফারহান আল ফারতৌসি জানান, ট্যাংকারে হামলার ঘটনায় একজন নাবিক নিহত হয়েছেন।
এ ছাড়া এ ঘটনায় ৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে। নিখোঁজ অন্যদের খোঁজে এখনো উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
এর আগে ইরাকি বন্দর নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানানো হয়, ইরাকের জ্বালানি তেলবাহী দুটি বিদেশি ট্যাংকারে বিস্ফোরকবোঝাই নৌকার সাহায্যে হামলা চালানো হয়। এতে ট্যাংকার দুটিতে আগুন ধরে যায়।
প্রতিবেদন অনুযায়ী ফারহান আল-ফারতুসি বলেন, একটি ট্যাংকারে জ্বালানি পণ্য ভরার সময় সেটি হামলার শিকার হয়। আক্রান্ত ছোট ট্যাংকারগুলোর একটি মাল্টার পতাকাবাহী ছিল। জাহাজটিতে বিস্ফোরণ ঘটেছে। তবে এটি সরাসরি হামলা নাকি দূরনিয়ন্ত্রিত বিস্ফোরকবাহী নৌকার মাধ্যমে ঘটানো হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
তিনি আরও জানান, হামলার সময় ট্যাংকারগুলো ইরাকের উপকূল থেকে প্রায় ৩০ মাইল বা ৪৮ কিলোমিটার দূরে অবস্থান করছিল।
ইরাক সরকারের গণমাধ্যম শাখা জানিয়েছে, দুটি ট্যাংকারই নাশকতামূলক হামলার শিকার হয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।