মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

এআই'র কারণে বন্ধ হচ্ছে অ্যানিমেশন সফটওয়্যার ‘অ্যাডোবি অ্যানিমেট’

তথ্য প্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫২

ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের জনপ্রিয় টু-ডি অ্যানিমেশন সফটওয়্যার ‘অ্যাডোবি অ্যানিমেট’ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাডোবি। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তিতে বিনিয়োগ ও নতুন পণ্যে মনোযোগ বাড়ানোর অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার অ্যাডোবি তাদের সাপোর্ট ওয়েবসাইটে প্রকাশিত এক হালনাগাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২০২৬ সালের ১ মার্চ থেকে অ্যাডোবি অ্যানিমেটের কার্যক্রম ও সাধারণ সহায়তা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। একই সঙ্গে ব্যবহারকারীদের ইমেইলের মাধ্যমেও বিষয়টি জানানো হয়েছে।

তবে করপোরেট ও এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য কিছুটা বাড়তি সময় রাখা হয়েছে। তারা ২০২৯ সালের ১ মার্চ পর্যন্ত সীমিত কারিগরি সহায়তা পাবেন। অন্যদিকে সাধারণ গ্রাহকেরা আগামী বছরের মার্চ পর্যন্ত সাপোর্ট সুবিধা ভোগ করতে পারবেন।

এই ঘোষণার পরপরই অ্যানিমেট ব্যবহারকারীদের মধ্যে হতাশা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সফটওয়্যারটি বন্ধের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। কেউ কেউ অ্যাডোবির কাছে অ্যানিমেটকে ওপেন সোর্স করার অনুরোধও জানিয়েছেন। তাদের দাবি, বাজারে এখনো এই সফটওয়্যারের মতো পূর্ণাঙ্গ ও কার্যকর বিকল্প নেই।

অ্যাডোবি তাদের প্রকাশিত প্রশ্নোত্তর পাতায় জানিয়েছে, ২৫ বছরেরও বেশি সময় ধরে অ্যাডোবি অ্যানিমেট অ্যানিমেশন জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে সময়ের সঙ্গে প্রযুক্তির ধারা বদলেছে এবং ব্যবহারকারীদের চাহিদাও পরিবর্তিত হয়েছে। নতুন প্ল্যাটফর্ম ও আধুনিক পদ্ধতিই এখন বেশি কার্যকর—এই বাস্তবতা বিবেচনায় নিয়েই সফটওয়্যারটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।

বিশ্লেষকদের মতে, অ্যাডোবির বর্তমান কৌশল মূলত এআই-নির্ভর টুল ও সেবার দিকে ঝুঁকছে। সেই পরিবর্তিত দৃষ্টিভঙ্গির সঙ্গে অ্যাডোবি অ্যানিমেট আর খাপ খাচ্ছিল না।

উল্লেখযোগ্য বিষয় হলো, অ্যানিমেটের সরাসরি কোনো বিকল্প সফটওয়্যারও অ্যাডোবি সুপারিশ করেনি। বরং ক্রিয়েটিভ ক্লাউড প্রো ব্যবহারকারীদের জন্য অন্যান্য অ্যাডোবি অ্যাপের মাধ্যমে আংশিকভাবে কাজ চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। যেমন, জটিল কী-ফ্রেম অ্যানিমেশনের ক্ষেত্রে আফটার ইফেক্টসের পাপেট টুল, আর তুলনামূলক সহজ অ্যানিমেশনের জন্য অ্যাডোবি এক্সপ্রেস ব্যবহারের কথা বলা হয়েছে।

এর আগে থেকেই সফটওয়্যারটি বন্ধ হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। গত বছরের অ্যাডোবি ম্যাক্স সম্মেলনে অ্যানিমেট নিয়ে উল্লেখযোগ্য কোনো আলোচনা হয়নি এবং ২০২৫ সংস্করণও প্রকাশ করা হয়নি।

অ্যাডোবি জানিয়েছে, যেসব ব্যবহারকারীর কম্পিউটারে ইতোমধ্যে অ্যাডোবি অ্যানিমেট ইনস্টল করা রয়েছে, তারা আপাতত সেটি ব্যবহার করতে পারবেন। সফটওয়্যারটির মাসিক সাবস্ক্রিপশন মূল্য ছিল ৩৪ দশমিক ৪৯ ডলার, আর বার্ষিক চুক্তিতে তা নেমে আসত ২২ দশমিক ৯৯ ডলারে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top