পৃথিবী-আকারের নতুন গ্রহের সন্ধান পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা
তথ্য প্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৬
জ্যোতির্বিজ্ঞানীরা পৃথিবীর আকারের একটি নতুন গ্রহের সন্ধান পেয়েছেন, যা পৃথিবী থেকে প্রায় ১৪৬ আলোকবর্ষ দূরে একটি সূর্যসদৃশ নক্ষত্রকে প্রদক্ষিণ করছে। গ্রহটি সম্ভাব্য বাসযোগ্য অঞ্চলের কাছাকাছি অবস্থান করায় ভিনগ্রহে প্রাণের অনুসন্ধানে নতুন করে আশার আলো জাগিয়েছে।
আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, গ্রহটির নাম দেওয়া হয়েছে এইচডি ১৩৭০১০বি। নাসার কেপলার স্পেস টেলিস্কোপের কে-টু মিশনের ২০১৭ সালের সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে গ্রহটির অস্তিত্ব শনাক্ত করা হয়। আন্তর্জাতিক গবেষক দলের নেতৃত্ব দেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ডের গবেষক আলেকজান্ডার ভেনার। গবেষণার ফলাফল সম্প্রতি দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্সে প্রকাশিত হয়েছে।
গবেষণায় দেখা গেছে, এইচডি ১৩৭০১০বি পৃথিবীর তুলনায় প্রায় ৬ শতাংশ বড়। এটি নিজ নক্ষত্রকে প্রদক্ষিণ করতে প্রায় ৩৫৫ দিন সময় নেয়, যা পৃথিবীর এক বছরের সময়ের সঙ্গে প্রায় মিল রয়েছে। বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, গ্রহটির প্রায় ৫০ শতাংশ সম্ভাবনা রয়েছে নক্ষত্রের ‘হ্যাবিটেবল জোনে’ অবস্থান করার, যেখানে তরল পানি থাকার পরিবেশ তৈরি হতে পারে।
তবে গবেষকরা সতর্ক করে জানিয়েছেন, গ্রহটির পৃষ্ঠের তাপমাত্রা মঙ্গলের কাছাকাছি হতে পারে। ধারণা করা হচ্ছে, সেখানে তাপমাত্রা মাইনাস ৯৪ ডিগ্রি ফারেনহাইট বা মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে।
গবেষণার সহলেখক চেলসি হুয়াং বলেন, এই গ্রহটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো—এটি আমাদের সৌরজগতের তুলনামূলকভাবে খুব কাছাকাছি, মাত্র দেড়শ আলোকবর্ষ দূরে। এর ফলে ভবিষ্যতে আরও শক্তিশালী টেলিস্কোপ ব্যবহার করে গ্রহটি নিয়ে বিস্তারিত গবেষণার সুযোগ তৈরি হবে।
তিনি আরও জানান, সূর্যসদৃশ নক্ষত্রের চারপাশে হ্যাবিটেবল জোনে থাকা কেপলার-১৮৬এফ এই গ্রহটির তুলনায় প্রায় চার গুণ দূরে এবং প্রায় ২০ গুণ বেশি ক্ষীণ।
এই গ্রহটির অস্তিত্ব প্রথম শনাক্ত হয় ‘প্ল্যানেট হান্টার্স’ নামে একটি নাগরিক বিজ্ঞান প্রকল্পের মাধ্যমে, যেখানে সাধারণ বিজ্ঞানপ্রেমীরাও অংশ নেন। গবেষণার প্রধান লেখক আলেকজান্ডার ভেনার জানান, মাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সময় তিনি এ প্রকল্পে যুক্ত ছিলেন, যা তাকে জ্যোতির্বিজ্ঞান গবেষণার পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে।
ভবিষ্যতে নাসার ‘হ্যাবিটেবল ওয়ার্ল্ডস অবজারভেটরি’র মতো মহাকাশ মিশন এইচডি ১৩৭০১০বি-এর সরাসরি ছবি তুলতে সক্ষম হতে পারে বলেও আশা প্রকাশ করেছেন গবেষকরা। এই আবিষ্কারকে ভবিষ্যৎ মহাকাশ গবেষণার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।