শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

বাড়ি ফেরার পথে খাবার নিতে নেমে ট্রেনে কাটা পড়লেন রাবি ছাত্র

ক্যাম্পাস ডেস্ক | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫

ছবি: সংগৃহীত

খাবার সংগ্রহ করতে ট্রেন থেকে নেমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। শুক্রবার ভোরে নাটোরের আব্দুলপুর জংশন রেলস্টেশনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম মুরাদ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং লালমনিরহাট জেলার বাসিন্দা।

রেলওয়ে ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনে করে বাড়ি ফিরছিলেন মুরাদ। ভোরে আব্দুলপুর জংশনে ইঞ্জিন পরিবর্তনের জন্য ট্রেনটি সাময়িকভাবে যাত্রাবিরতি নেয়। এ সময় খাবার সংগ্রহের উদ্দেশ্যে ট্রেন থেকে নেমে রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন তিনি। ট্রেনের নিচে পড়ে তার এক পায়ের ওপর দিয়ে বগি চলে যায়, এতে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সহযাত্রীরা জানান, সকাল ৬টা ২০ মিনিটে রাজশাহী থেকে ট্রেনটি ছেড়ে আসে। পথে হঠাৎ এই দুর্ঘটনায় আমরা হতবাক হয়ে যাই। প্রথমে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। পরে জানা যায়, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। সংশ্লিষ্ট থানা ও রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। নিহত শিক্ষার্থীর পরিবার ঘটনাস্থলে আসছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top