সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

প্রেমের প্রতিশ্রুতিতে লিঙ্গান্তর, শেষে ভাঙল ১৭ বছরের সম্পর্ক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ১৮:৪১

সংগৃহীত

রাজশাহীর বাঘা উপজেলায় ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। স্কুলজীবন থেকে শুরু হওয়া ১৭ বছরের প্রেম, শেষ পর্যন্ত প্রতারণা ও ভাঙনের করুণ পরিণতিতে গড়িয়েছে। প্রেমিকের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়ার আশায় লিঙ্গান্তর করেও শেষ রক্ষা হয়নি নৃত্যশিল্পী ফিরোজ আহমেদের।

২৯ বছর বয়সী ফিরোজ অভিযোগ করেন, তার দীর্ঘদিনের প্রেমিক বিপ্লব হোসেন বিয়ের প্রতিশ্রুতি দেওয়ায় তিনি পুরুষ থেকে নারী হওয়ার জন্য ভারতে গিয়ে অস্ত্রোপচার ও হরমোন চিকিৎসা গ্রহণ করেন। কিন্তু সেই সময়েই বিপ্লব দেশে অন্য এক নারীকে বিয়ে করে সংসার শুরু করেন।

লিঙ্গান্তর শেষে দেশে ফিরে এই খবর জানতে পেরে মানসিকভাবে ভেঙে পড়েন ফিরোজ। তিনি দাবি করেন, শুধুমাত্র বিপ্লবের আশ্বাসেই তিনি জীবনের এত বড় সিদ্ধান্ত নিয়েছিলেন।

ফিরোজ আরও অভিযোগ করেন, তাদের সম্পর্কের সময় তিনি নৃত্যশিক্ষকতা ও অন্যান্য পেশা থেকে উপার্জিত প্রায় ৫০ লাখ টাকা বিপ্লবের হাতে তুলে দেন। সেই অর্থ আত্মসাৎ করে বিপ্লব ও তার পরিবার বাড়ি-গাড়ি করেছে বলেও দাবি তার।

জানা গেছে, ফিরোজ আহমেদ রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোত কাদিরপুর গ্রামের বাসিন্দা। তিনি সাভার শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমিতে নাচের শিক্ষক হিসেবে কর্মরত। পাশাপাশি “নাচের পুতুল একাডেমি” নামের একটি নৃত্য শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক। তৃতীয় লিঙ্গের মানুষের উন্নয়নে ‘কর্ন’ নামে একটি সংগঠনের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি।

অন্যদিকে অভিযুক্ত বিপ্লব হোসেন একই উপজেলার বানিয়াপাড়া এলাকার বাসিন্দা এবং বর্তমানে বরিশালে একটি প্রতিষ্ঠানে সুপারভাইজার হিসেবে কর্মরত।

ফিরোজ জানান, নবম শ্রেণিতে পড়ার সময় তাদের প্রেমের শুরু। পারিবারিক কারণে বিপ্লব দীর্ঘদিন ফিরোজের বাড়িতেই থাকতেন এবং তাদের সম্পর্ক স্বামী-স্ত্রীর মতো ছিল। বিষয়টি দুই পরিবারসহ স্থানীয়দের কাছেও পরিচিত ছিল।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ফিরোজ তার অর্থ ফেরত ও প্রতারণার বিচার দাবি করেছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top