বিক্রি করা সেই ভাইরাল শিশুর পাশে মানবিক হাত, দায়িত্ব নিলেন ফাহিম চৌধুরী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ১০:৩২
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া পথশিশু ফাইজা আক্তার মায়িশা (৮)-এর জীবনে এলো নতুন আশার আলো। সিলেটের পরিচিত সমাজসেবী ও সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী শিশুটির শিক্ষা, বাসস্থান ও সার্বিক দায়িত্ব গ্রহণের ঘোষণা দিয়েছেন।
শনিবার সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানাধীন চৌহাট্টা পয়েন্টে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম।
পুলিশ সূত্রে জানা যায়, ফাইজা আক্তারের মা প্রায় চার বছর আগে মারা যান। বর্তমানে সে তার নানীর সঙ্গে বসবাস করছে। জীবিকার তাগিদে সিলেট নগরীর বিভিন্ন সড়কে ফুল বিক্রি করে আসছিল সে। সম্প্রতি তার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।
ভিডিওটি নজরে আসার পরই সমাজসেবী ফাহিম আল চৌধুরী পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ করেন এবং শিশুটির দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেন। পরে পুলিশের উদ্যোগে দ্রুত অভিযান চালিয়ে ফাইজাকে শনাক্ত করা হয় এবং সাংবাদিকদের উপস্থিতিতে তাকে নিয়ে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়।
পুলিশ কমিশনার বলেন, দারিদ্র্যের কারণে অনেক শিশু পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে এসব শিশুর জীবন বদলে যেতে পারে। তিনি ফাহিম আল চৌধুরীর উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
এদিকে ফাহিম আল চৌধুরীর এই উদ্যোগ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সচেতন মহলের মতে, এমন উদ্যোগ শুধু একটি শিশুর জীবনই বদলে দেয় না, বরং অন্যদেরও মানবিক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করে।
সংশ্লিষ্টদের আশা, নতুন এই সুযোগ ফাইজা আক্তার মায়িশার জীবনে একটি উজ্জ্বল ভবিষ্যতের দ্বার খুলে দেবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।