চুয়াডাঙ্গায় মাঠে কাজের সময় বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ১৭:৪৪
চুয়াডাঙ্গার জীবননগর ও দামুড়হুদা উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামের মাঠপাড়ার রেজাউল ইসলামের ছেলে রাসেল আলী (২৫) এবং দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের পারকৃষ্ণপুর গ্রামের তাজিমুল ইসলামের ছেলে ও স্থানীয় বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আজিমুল ইসলাম (১৪)।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, আজিমুল ইসলামের বাবা মাঠে কৃষিকাজ করছিলেন। বাবার জন্য খাবার নিয়ে যাওয়ার পথে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে বজ্রাঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দর্শনার একটি বেসরকারি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, রাসেল আলী মাঠে ভুট্টাক্ষেতে কাজ করার সময় বজ্রাঘাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দর্শনা ও জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।