দেশে প্রথমবার কলম আকৃতির আগ্নেয়াস্ত্র ‘পেনগান’ উদ্ধার
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ১৮:৩৫
রাজধানীতে প্রথমবারের মতো কলমের মতো দেখতে বিপজ্জনক আগ্নেয়াস্ত্র ‘পেনগান’ উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে এই বিশেষ ধরনের অস্ত্রটি জব্দ করা হয়, যা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
গোয়েন্দা পুলিশ জানায়, গত ৩ এপ্রিল পুরান ঢাকার নয়াবাজার এলাকায় যুবদল নেতা রাসেলের ওপর গুলিবর্ষণের ঘটনায় এই অস্ত্র ব্যবহার করা হয়েছিল। ওইদিন রাতে পার্ক এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে একটি গুলি তার বুকের বাম পাশে বিদ্ধ হয়। হামলার পরপরই অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় কোতোয়ালি থানায় চারজনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে সায়মন ও সোহেল ওরফে কাল্লু নামে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জ থেকে উদ্ধার করা হয় এই ‘পেনগান’। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, প্রায় ৮০ হাজার টাকায় অস্ত্রটি সংগ্রহ করা হয়েছিল।
গোয়েন্দা কর্মকর্তারা জানান, আকারে ছোট হওয়ায় এই অস্ত্র সহজেই পকেট বা ব্যাগে লুকিয়ে বহন করা সম্ভব। ফলে তল্লাশির সময় এটি অনেক ক্ষেত্রেই ধরা পড়ে না। মূলত স্বল্প দূরত্বে গুলি ছোড়ার জন্য তৈরি এই ক্ষুদ্র আগ্নেয়াস্ত্রটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের যুগ্ম কমিশনার মো. নাসিরুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া অস্ত্রটিতে কোনো নির্মাতা প্রতিষ্ঠানের নাম বা চিহ্ন পাওয়া যায়নি। এতে এর উৎস নির্ধারণে জটিলতা তৈরি হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পার্শ্ববর্তী কোনো দেশ থেকে দেশে এসেছে। রাজধানীতে এর আগে এ ধরনের অস্ত্র ব্যবহারের কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান তিনি।
অন্যদিকে লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নূরে আলম জানান, অস্ত্রটি কীভাবে দেশে প্রবেশ করেছে এবং কারা এর সরবরাহের সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি দেশের অন্য কোথাও এ ধরনের অস্ত্র ব্যবহারের ঘটনা ঘটেছে কি না, সেটিও খতিয়ে দেখছে তদন্ত সংশ্লিষ্টরা।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।