সোনার দামে এবার বড় পতন, ভরিতে কমল ৭ হাজার টাকার বেশি
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৭
দরপতনের পর অল্প সময়ের জন্য ঘুরে দাঁড়ালেও সোনার বাজারে সেই স্থিতি টিকল না। মাত্র দুই দিনের ব্যবধানে আবারও বড় ধরনের দরকমতির ঘোষণা এলো। এতে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভালো মানের ২২ ক্যারেটের সোনার দাম ভরি প্রতি ৭ হাজার ৬৪০ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সকাল ১০টার দিকে বাজুস নতুন মূল্যতালিকা প্রকাশ করে জানায়, দাম সমন্বয়ের পর দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এনে সোনার নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের সোনার দাম ভরি প্রতি ২ লাখ ৪২ হাজার ৯০৩ টাকা, ১৮ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৮ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ভরি প্রতি ১ লাখ ৭০ হাজার ৪১১ টাকা।
এর আগে চলতি সপ্তাহের মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বাজুস দুই দফায় সোনার দাম মোট ১৬ হাজার ৩৩০ টাকা বাড়িয়েছিল। তখন ২২ ক্যারেটের সোনার দাম ভরি প্রতি দাঁড়িয়েছিল ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। সেই হিসাবে মাত্র কয়েক দিনের ব্যবধানে বড় অঙ্কের দরপতন ঘটল।
মঙ্গলবার ঘোষিত সেই দাম বুধবার (৪ ফেব্রুয়ারি) থেকে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত কার্যকর ছিল।
চলতি বছরে এখন পর্যন্ত (৩৭ দিনে) বাজুস মোট ২৫ বার সোনার দাম সমন্বয় করেছে। এর মধ্যে ১৬ বার দাম বাড়ানো হয়েছে, আর ৯ বার কমানো হয়েছে। আর ২০২৫ সালে সারা বছরে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দর সমন্বয় করা হয়েছিল—যেখানে ৬৪ বার দাম বেড়েছে এবং ২৯ বার কমেছে।
বাজুস জানায়, নির্ধারিত সোনার দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণে ভিন্নতা হতে পারে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।