বৃহঃস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

মেয়েকে নিয়ে কঠিন অভিজ্ঞতার কথা শেয়ার করলেন প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৪৩

সংগৃহীত

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসের কন্যা মালতি মেরি চোপড়া জোনাসকে ঘিরে ভক্তদের আগ্রহের শেষ নেই। আজ প্রাণবন্ত ও হাসিখুশি মালতিকে দেখে মুগ্ধ হলেও, তার জন্মের সময় কাটাতে হয়েছিল ভয়ংকর এক সংকটের মধ্য দিয়ে। সম্প্রতি জনপ্রিয় জে শেঠি পডকাস্টে এসে সেই কঠিন সময়ের কথা প্রথমবারের মতো প্রকাশ্যে শেয়ার করেছেন নিক জোনাস। কথা বলতে বলতে আবেগে ভেঙে পড়তেও দেখা যায় তাঁকে।

নিক জোনাস জানান, মালতির জন্ম হওয়ার কথা ছিল ২০২২ সালের এপ্রিল মাসে। কিন্তু হঠাৎ করেই চিকিৎসকদের পক্ষ থেকে ফোন আসে—ডেলিভারি আরও আগেই করাতে হবে। দ্রুত হাসপাতালে পৌঁছান তারা। নিক বলেন, “ও যখন জন্মায়, তখন ওর ওজন ছিল মাত্র ১ পাউন্ড ১১ আউন্স। শরীর প্রায় বেগুনি রঙের হয়ে গিয়েছিল।”

জন্মের পরপরই নবজাতক মালতিকে নেওয়া হয় নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ)। চিকিৎসক ও নার্সদের নিরলস প্রচেষ্টাতেই তার প্রাণরক্ষা সম্ভব হয়। মালতির জন্মের সময় বিশ্বজুড়ে চলছিল কোভিড-১৯ মহামারি। সে কারণে হাসপাতালের নিয়ম-কানুন ছিল অত্যন্ত কঠোর।

নিক বলেন, “তবুও আমি আর প্রিয়াঙ্কা পালা করে প্রতিদিন ১২ ঘণ্টা করে হাসপাতালে থাকতাম। সাড়ে তিন মাস ধরে আমরা প্রতিদিন হাসপাতালে ছিলাম। এখনও হাসপাতালের সেই গন্ধ মনে পড়লে একসঙ্গে ভয় আর সান্ত্বনা অনুভব করি।”

তিনি জানান, প্রতিদিন মালতিকে জীবন-মৃত্যুর লড়াই করতে দেখেছেন তারা। এনআইসিইউতে থাকা অন্য পরিবারগুলোকেও একই ধরনের সংগ্রামের মধ্য দিয়ে যেতে দেখে মানসিকভাবে ভেঙে পড়তেন দু’জনই। নিক আরও জানান, মালতির অবস্থা এক সময় এতটাই গুরুতর হয়ে উঠেছিল যে তাকে ছয়বার রক্ত দিতে হয়েছিল।

“ধীরে ধীরে ওর ওজন বাড়তে শুরু করে। ও প্রতিদিন লড়াই করেছে। সাড়ে তিন মাস পর আমরা ওকে বাড়ি নিয়ে আসতে পেরেছি। এখনও আমি অবাক হয়ে যাই—ওর এই জাদু আমি প্রতিদিন অনুভব করি,” বলেন নিক জোনাস।

উল্লেখ্য, ২০১৮ সালে রাজস্থানে জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রিয়াঙ্কা চোপড়াকে বিয়ে করেন নিক জোনাস। খ্রিস্টান ও হিন্দু—দুই রীতিতেই অনুষ্ঠিত হয় তাদের বিয়ে। ২০২২ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে তাদের জীবনে আসে প্রথম সন্তান মালতি মেরি চোপড়া জোনাস। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই মেয়ের সঙ্গে সময় কাটানোর মুহূর্ত শেয়ার করতে দেখা যায় এই তারকা দম্পতিকে।

সূত্র: হিন্দুস্তান টাইমস




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top