নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে ট্রাম্প, সমর্থন দিল ইসরায়েল-পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১ মে ২০২৬, ০৯:৪৮
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে নিজের অবস্থান আরও মজবুত করেছেন। আন্তর্জাতিক কূটনীতি ও বিভিন্ন সংঘাত নিরসনে ভূমিকার স্বীকৃতিস্বরূপ ইসরায়েল, পাকিস্তান ও কম্বোডিয়ার নেতারা তার প্রার্থিতার পক্ষে সমর্থন জানিয়েছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিভিন্ন দেশের পক্ষ থেকে তার নাম প্রস্তাব করায় এবার তিনি শক্তিশালী মনোনীত প্রার্থীদের একজন হিসেবে বিবেচিত হচ্ছেন।
নরওয়েজিয়ান নোবেল কমিটি জানিয়েছে, চলতি বছরে তারা মোট ২৮৭টি মনোনয়ন পেয়েছে। এর মধ্যে ২০৮ জন ব্যক্তি এবং ৭৯টি সংস্থা রয়েছে। ২০২৫ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়া কমিটির নতুন সচিব ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন মনোনয়ন তালিকায় প্রতি বছর নতুনত্বের উপস্থিতি দেখে বিস্ময় প্রকাশ করেছেন।
তিনি বলেন, প্রতি বছর তালিকায় যে পরিবর্তন ও নতুন নাম যুক্ত হয়, তা সত্যিই বিস্ময়কর। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে শান্তি পুরস্কারের গুরুত্ব আগের তুলনায় অনেক বেড়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে, নরওয়ের এক আইনপ্রণেতা উত্তর মেরু অঞ্চলে স্থিতিশীলতা রক্ষায় অবদানের জন্য গ্রিনল্যান্ডিক-ড্যানিশ পার্লামেন্ট সদস্য আজা কেমনিটজ এবং মার্কিন সিনেটর লিসা মারকোভস্কির নাম প্রস্তাব করেছেন। তাদের দীর্ঘদিনের প্রচেষ্টায় ওই অঞ্চলে আস্থা তৈরি ও শান্তিপূর্ণ উন্নয়নে ভূমিকা রাখার বিষয়টি তুলে ধরা হয়েছে।
এছাড়া সম্ভাব্য সংক্ষিপ্ত তালিকায় আরও যাদের নাম আলোচনায় রয়েছে, তাদের মধ্যে আছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, মলদোভার প্রেসিডেন্ট মাইয়া সান্দু, জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ এবং জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ।
উল্লেখ্য, নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন তালিকা সাধারণত দীর্ঘ সময় গোপন রাখা হয়। তবে নিয়ম অনুযায়ী আগামী ৯ অক্টোবর বিজয়ীর নাম ঘোষণা করা হবে এবং ১০ ডিসেম্বর নরওয়ের রাজধানী অসলোতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।