ঈদের পাঁচ দিনে কত আয় করল শাকিব খানের ‘প্রিন্স’?
চিত্তবিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ১৬:২৫
ঈদুল ফিতরের ছুটিতে প্রেক্ষাগৃহে দাপট দেখাচ্ছে মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স: একসময় ঢাকায়’। ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্পে নির্মিত এই সিনেমা দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া পেলেও বক্স অফিসে এর সংগ্রহ আশাব্যঞ্জক। বিশেষ করে মাল্টিপ্লেক্সগুলোতে সিনেমার আয় বাড়ছে নতুন গতিতে।
বিএমআর (বাংলাদেশ মুভি রেটিং)-এর তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করেছিল ১৬.১৯ লাখ টাকা। দ্বিতীয় দিনে আয় বেড়ে দাঁড়ায় ২০.০৬ লাখ টাকায়। তৃতীয় দিনে কিছুটা কমে আয়ের পরিমাণ ছিল ১৫.২৯ লাখ এবং চতুর্থ দিনে ছিল ১৬.৩৮ লাখ টাকা।
পঞ্চম দিনে প্রেক্ষাগৃহে শো-এর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে কালেকশনও বৃদ্ধি পায়। এই দিনে দেশের প্রধান প্রধান মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, মনিহারসহ মোট ৪১টি শো প্রদর্শিত হয়। এর মধ্যে ১৭টি শো ছিল পুরোপুরি ‘হাউজফুল’ এবং আরও ২টি শো দর্শকপূর্ণ ছিল।
পঞ্চম দিনের শেষে ‘প্রিন্স’ সিনেমার মোট মাল্টিপ্লেক্স সংগ্রহ দাঁড়িয়েছে ৮৬.৪১ লাখ টাকায়। এ ধরনের ধারাবাহিকতা থাকলে ষষ্ঠ দিনে সিনেমাটি ১ কোটির ক্লাবে প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে।
সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এতে শাকিব খানকে দেখা গেছে একেবারে ভিন্ন গ্যাংস্টার ইমেজে। তার বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।