শুটিং সেটে মর্মান্তিক মৃত্যু, না ফেরার দেশে অভিনেতা রাহুল
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ১৩:০৬
টলিপাড়ায় নেমে এসেছে গভীর শোক। রবিবার (২৯ মার্চ) দিঘার তালসারিতে শুটিং করতে গিয়ে এক দুর্ঘটনায় প্রাণ হারালেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন পানিতে নামেন তিনি। হঠাৎ করেই তলিয়ে গেলে দ্রুত সহকর্মীরা তাকে উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকেরা শেষ পর্যন্ত তাকে বাঁচাতে পারেননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
সহ-অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানান, শুটিং শেষে ইউনিটের সদস্যরা যখন মধ্যাহ্নভোজে যান, তখন রাহুল কিছু অতিরিক্ত শট শেষ করার জন্য সেটে ছিলেন। সেই সময়ই ঘটে যায় এই দুর্ঘটনা। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং ঠিক কীভাবে এমনটি ঘটল, তা এখনও পরিষ্কার নয়।
২০০৮ সালে ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার মাধ্যমে দর্শকমহলে পরিচিতি পান রাহুল। পরবর্তীতে বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করলেও ছোটপর্দাতেই বেশি সক্রিয় হয়ে ওঠেন তিনি। সাম্প্রতিক সময়ে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে তার অভিনয় দর্শকদের নজর কাড়ছিল। এছাড়াও তিনি ‘হরগৌরী পাইস হোটেল’সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন।
ওয়েব প্ল্যাটফর্মেও ছিল তার উপস্থিতি। সম্প্রতি একটি জনপ্রিয় সিরিজে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন তিনি।
১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্ম নেওয়া এই অভিনেতা থিয়েটার দিয়ে অভিনয়জীবন শুরু করেন। দীর্ঘ ক্যারিয়ারে প্রায় ৪৫০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন তিনি। বড়পর্দায় তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘জ্যাকপট’, ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘কাগজের বউ’ ও ‘আকাশ অংশত মেঘলা’।
ব্যক্তিজীবনে তিনি ২০১০ সালে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করেন। পরে তাদের বিচ্ছেদ হয়। তাদের একমাত্র সন্তান রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।