অভিনেতা রাহুলের মৃত্যুর তদন্তে মুখ্যমন্ত্রী মমতার হস্তক্ষেপ চাইল এআইসিডব্লুএ
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬, ১২:২৮
শুটিং চলাকালে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তদন্তে হস্তক্ষেপের দাবি জানিয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লুএ)। মঙ্গলবার (৩১ মার্চ) সংগঠনটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিতভাবে এই দাবি জানায়।
গত রোববার (২৯ মার্চ) দিঘার তালসারি এলাকায় ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান ৪৩ বছর বয়সী এই অভিনেতা। ঢেউয়ের তোড়ে নায়িকা শ্বেতাসহ পানিতে তলিয়ে যান তিনি। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এআইসিডব্লুএ জানিয়েছে, এই ঘটনাকে তারা নিছক দুর্ঘটনা হিসেবে মানতে নারাজ। ধারাবাহিকটির প্রযোজক, প্রযোজনা সংস্থা ও সংশ্লিষ্ট চ্যানেলের বিরুদ্ধে হত্যার অভিযোগে এফআইআর দায়েরের দাবি জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি স্বচ্ছ তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন ও বিচার বিভাগীয় তদন্তের আহ্বান জানানো হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে রাহুলের পরিবারকে দ্রুত ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি তোলা হয়েছে এবং প্রযোজনা সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপের কথাও বলা হয়েছে।
রাহুলের মৃত্যুর পর টলিউডের বিভিন্ন মহল থেকে নিরপেক্ষ তদন্তের দাবি উঠলেও এখন পর্যন্ত আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সোমবার সামাজিকমাধ্যমে নিজেদের দাবিগুলো প্রকাশ করার পর এবার আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠানো হয়েছে।
এর আগে অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সামাজিকমাধ্যমে লিখেছিলেন, “কী হয়ে গেল, আমি কিছুই বুঝে উঠতে পারছি না,” এবং এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।
এদিকে, এই ঘটনার পর ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। ধারাবাহিকটির চিত্রনাট্যকার ও প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায় জানান, আপাতত শুটিং বন্ধ রয়েছে এবং এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ইতোমধ্যে ১০ থেকে ১২ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।