শালীনতা ও মর্যাদা বজায় রাখার আহ্বান অপু বিশ্বাসের
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬, ১৮:৪২
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস সম্প্রতি সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তার মাধ্যমে তার ভক্তদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে পাওয়া নিরবচ্ছিন্ন ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি ভক্তদের শালীনতা ও আভিজাত্য বজায় রাখার আহ্বান জানান।
নিজের ফেসবুক পোস্টে অপু বিশ্বাস লিখেছেন, ভক্তরা শুধু তার দর্শক নন—তারা তার পরিবারেরই অংশ। তিনি মনে করেন, তার কাজের মাধ্যমেই ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, আর সেই সম্পর্ক পারস্পরিক সম্মান ও ভালোবাসার ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে।
অপু বিশ্বাস বিশেষভাবে অনুরোধ করেন, তার ভক্তরা যেন কোনো ধরনের অহেতুক বিতর্ক, তর্ক বা কাদা ছোঁড়াছুড়িতে জড়ায় না। তার মতে, একজন ভক্তের পরিচয় হওয়া উচিত তার শিক্ষা, রুচি ও মার্জিত আচরণের মাধ্যমে—সংখ্যায় নয়, গুণে শ্রেষ্ঠ হওয়াই গুরুত্বপূর্ণ।
পরিবার প্রসঙ্গে তিনি জানান, তার পরিবার তার অহংকার, এবং এটি নিয়ে কাউকে কিছু প্রমাণ করার প্রয়োজন নেই। কাজ, বংশমর্যাদা ও শিক্ষাই তাদের প্রকৃত পরিচয়।
একইসঙ্গে তিনি তার সন্তান আব্রাহাম খান জয়-এর প্রতিও সবার ভালোবাসা ও স্নেহ কামনা করেন। ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, যেমনভাবে তারা তাকে আগলে রেখেছেন, ঠিক তেমনি যেন জয়কেও স্নেহে আগলে রাখেন।
সবশেষে অপু বিশ্বাস পরিষ্কারভাবে জানান, তিনি কোনো বিতর্কে নেই—বরং ভালোবাসা, কাজ এবং ইতিবাচকতা নিয়েই এগিয়ে যেতে চান। তার মতে, ভক্তদের শান্ত, ভদ্র ও হাসিখুশি মনোভাবই তার পথচলার সবচেয়ে বড় শক্তি।
এই দায়িত্বশীল ও ইতিবাচক বার্তার জন্য সামাজিক মাধ্যমে ভক্ত ও সাধারণ নেটিজেনদের প্রশংসায় ভাসছেন এই জনপ্রিয় নায়িকা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।