সংসদে তেল সংকট নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আব্দুল্লাহ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬, ১৮:৪৫
সারা দেশে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট ও জনভোগান্তির বিষয়টি তুলে ধরে জাতীয় সংসদে সরকারের কড়া সমালোচনা করেছেন এনসিপি নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি অভিযোগ করেন, সরকারের পক্ষ থেকে তেলের সংকট নেই বলে দাবি করা হলেও মাঠপর্যায়ের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। দেশের বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাচ্ছে, ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছে।
বিশেষ করে সিলেট অঞ্চলের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, সেখানে পাম্প বন্ধ থাকায় রাস্তায় গাড়ির দীর্ঘ সারি দেখা যাচ্ছে। এতে শুধু যাতায়াতই ব্যাহত হচ্ছে না, অনেক জায়গায় স্কুলের কার্যক্রমও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি আরও বলেন, সরকার এই সমস্যাকে স্বীকার না করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। বিষয়টি নিয়ে সরাসরি জবাব চাইলে সরকারের পক্ষ থেকে জানানো হয়, প্রতিদিন নির্ধারিত পরিমাণ জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে এবং সরবরাহ কার্যক্রম অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, এর আগে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু দাবি করেছিলেন, দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই; বরং আতঙ্কে অতিরিক্ত কেনাকাটার কারণেই সাময়িক সংকটের সৃষ্টি হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।