বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

সিনেমা ফ্লপ হওয়ায় বকেয়া পারশ্রমিক নেন নাই শাহরুখ খান

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১৩:১৭

সংগৃহীত

বলিউডের মেগাস্টার শাহরুখ খান শুধু অভিনয়েই নয়, ব্যক্তিত্ব ও উদারতার ক্ষেত্রেও বারবার আলোচনায় আসেন। সম্প্রতি প্রযোজক কেসি বোকাডিয়া তার সঙ্গে জড়িত এক পুরনো ঘটনার কথা জানিয়ে এই তারকার মানবিক দিক তুলে ধরেছেন।

১৯৯৫ সালের তামিল ছবি থোটা চিনুঙ্গি-র রিমেক হিসেবে ‘হাম তুমহারে হ্যায় সানাম’ নির্মাণের পরিকল্পনা করেন বোকাডিয়া। সিনেমাটিতে সালমান খান ও মাধুরী দীক্ষিত-এর মতো তারকারাও ছিলেন।

প্রযোজকের ভাষ্য অনুযায়ী, সে সময় শাহরুখের পারিশ্রমিক ১ থেকে ১.৫ কোটি রুপির মধ্যে থাকলেও, তাকে ২০ দিনের শুটিংয়ের জন্য ২ কোটি রুপির প্রস্তাব দেওয়া হয় এবং তিনি তাতে সম্মতি দেন। তবে নানা কারণে ছবিটির নির্মাণ শেষ হতে দীর্ঘ ৬ বছর সময় লেগে যায়।

২০০২ সালে মুক্তি পাওয়া হাম তুমহারে হ্যায় সানাম বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি। সেই সময় শাহরুখের প্রায় ৯৫ লাখ রুপি বকেয়া ছিল। প্রযোজক যখন সেই অর্থ পরিশোধের কথা বলেন, তখনই আসে চমকপ্রদ প্রতিক্রিয়া।

শাহরুখ তাকে জানান, এই অর্থ নিয়ে চিন্তা না করতে। তিনি বলেন, অল্প সময়ের পারফরম্যান্স থেকেই তিনি ওই পরিমাণ অর্থ আয় করতে পারেন, কিন্তু প্রযোজককে সেই টাকা দিতে গেলে সম্পদ বিক্রি করতে হতে পারে—এটা তিনি চান না।

এই ঘটনার কথা বলতে গিয়ে কেসি বোকাডিয়া আবেগাপ্লুত হয়ে পড়েন। তার মতে, বর্তমান সময়ে এমন উদারতা খুব কমই দেখা যায়। বকেয়া পারিশ্রমিক নিতে অস্বীকৃতি জানিয়ে শাহরুখ খান যে মানবিকতার পরিচয় দিয়েছেন, তা তাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে।

উল্লেখ্য, কে এস আধিয়ামান পরিচালিত এই ত্রিভুজ প্রেমের গল্পটি বক্স অফিসে সফল না হলেও, তিন তারকার একসঙ্গে উপস্থিতির কারণে আজও দর্শকদের মনে বিশেষ জায়গা করে আছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top