ভারতের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১৪:০৩
উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা এবার পাচ্ছেন ভারতের মর্যাদাপূর্ণ ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননা। দীর্ঘ ছয় দশকের বর্ণাঢ্য সংগীত ক্যারিয়ারের স্বীকৃতিস্বরূপ তাকে এই বিশেষ সম্মানে ভূষিত করা হচ্ছে।
আগামী সোমবার (৪ মে) শুরু হতে যাচ্ছে ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, যা চলবে ৮ মে পর্যন্ত। উৎসবের এবারের আয়োজন বসছে নয়াদিল্লির ‘ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস’ এবং ‘ড. আম্বেদকার আন্তর্জাতিক কেন্দ্র’-এ। সেখানেই আনুষ্ঠানিকভাবে রুনা লায়লার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।
উৎসবের প্রতিষ্ঠাতা ও সভাপতি রাম কিশোর পরচা এক চিঠিতে রুনা লায়লাকে বলেন, তার সুমধুর কণ্ঠ ও সংগীতযাত্রা দুই দেশের মানুষের হৃদয়ে গভীর সেতুবন্ধন তৈরি করেছে। সংগীতকে তিনি কেবল সুর নয়, বরং যৌথ আবেগ ও স্মৃতির অংশ হিসেবে তুলে ধরেছেন বলেও উল্লেখ করেন তিনি।
সম্মাননা প্রাপ্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে এক ভিডিও বার্তায় রুনা লায়লা বলেন, এই মর্যাদাপূর্ণ স্বীকৃতির জন্য তিনি কৃতজ্ঞ এবং দিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে তিনি অপেক্ষা করছেন।
উল্লেখ্য, এই সম্মাননা এর আগে খুবই সীমিত সংখ্যক ব্যক্তিকে দেওয়া হয়েছে। ২০১২ সালে অভিনেত্রী জোহরা সেহগাল, ২০১৫ সালে শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনা এবং ২০১৬ সালে রুশ অভিনেত্রী সেনিয়া রেবেক্কানাকে এই বিশেষ সম্মানে ভূষিত করা হয়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।