মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

সাবেক স্পিকার শিরীন শারমিনকে আদালতে নেওয়া হয়েছে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ১৪:৫৪

সংগৃহীত

রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আদালতের উদ্দেশে নেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সোয়া একটার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় থেকে তাকে বের করে আদালতে পাঠানো হয়।

ডিবির একটি সূত্র জানায়, গত ১৭ জুলাই দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলার (মামলা নং-৫) তিন নম্বর আসামি হিসেবে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে এই মামলায় রিমান্ড আবেদন করা হয়নি।

ডিবি লালবাগ জোনাল টিমের পরিদর্শক মোহসিন উদ্দীন আদালতের কাছে আবেদন করেছেন, মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা হোক।

এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এন এম নাসির উদ্দিন জানান, ভোরে রাজধানীর একটি আত্মীয়ের বাসা থেকে শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।

ডিবির যুগ্ম কমিশনার মো. নাসির উদ্দিন বলেন, তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মোট ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে লালবাগ থানার বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালে রাজনৈতিক পরিবর্তনের পর ২ সেপ্টেম্বর স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন শিরীন শারমিন চৌধুরী। এর আগে ২০১৩ সালের ৩০ এপ্রিল তিনি প্রথমবারের মতো জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং টানা দীর্ঘ সময় এ পদে দায়িত্ব পালন করেন।

এছাড়া, জুলাই গণ–অভ্যুত্থান ঘিরে সহিংসতার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট তারসহ সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও আরও ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top