যে মামলায় আমির হামজার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১২:২৪
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রীকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানির মামলায় এ আদেশ দেওয়া হয়।
সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই পরোয়ানা জারি করেন। এর আগে ১৯ এপ্রিল তাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হলেও তিনি উপস্থিত হননি। হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৬ মার্চ এক বক্তব্যে মুফতি আমির হামজা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে উল্লেখ করেন। এ বক্তব্যকে কেন্দ্র করে কুষ্টিয়া ও সিরাজগঞ্জে একাধিক মানহানির মামলা দায়ের করা হয়।
মামলার এক বাদী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল জানান, ওই মন্তব্যে ধর্মীয় ও সামাজিক অনুভূতিতে আঘাত করা হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।
একই অভিযোগে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে আরেকটি মানহানির মামলা করেন বিএনপি নেতা অ্যাডভোকেট নাজমুল ইসলাম। সেই মামলায় ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হয় এবং বিষয়টি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে নির্দেশ দেওয়া হয়।
এ ছাড়া কুষ্টিয়ার জেলা প্রশাসককে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগেও আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়। ওই বক্তব্যে তিনি দাবি করেন, জেলা প্রশাসক বদলির জন্য অর্থ লেনদেন হয়েছে—এ ধরনের বক্তব্যকে ভিত্তিহীন ও মানহানিকর বলে উল্লেখ করা হয়েছে নোটিশে।
নোটিশে বলা হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে ওই অভিযোগের প্রমাণ বা সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম প্রকাশ করতে হবে, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।