দেশের ৫৪ খালের খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ১৩:৩৬

ছবি: সংগৃহীত

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচি শুরু করেছে সরকার। সোমবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টায় দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়ায় খাল খননের মাধ্যমে একযোগে দেশের ৫৪টি খালের খনন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সকাল সাড়ে ৯টায় ঢাকা বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুর পৌঁছে সেখান থেকে সড়ক পথে সাহাপাড়া গিয়ে তিনি নিজে কোদাল হাতে খাল খননে অংশ নেন। খাল খনন কার্যক্রমের সঙ্গে স্থানীয় মানুষের উচ্ছ্বাস ও আনন্দ লক্ষ্য করা গেছে। স্থানীয়রা মনে করছেন, এতে পানির সমস্যা দূর হবে এবং কৃষিকাজে সুবিধা হবে।

কৃষি সেচ ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্য নিয়ে সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে। প্রথম পর্যায়ে ৫৪টি জেলায় এই কর্মসূচি চালু করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সফল উদ্যোগ থেকে অভিজ্ঞতা নিয়ে খাল খনন ও রক্ষণাবেক্ষণ টেকসই ও আধুনিকভাবে করলে দেশের কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটানো সম্ভব। তবে বাস্তবায়নের পথে কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

১৯৭৭ সালে গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনরুজ্জীবনের উদ্দেশ্যে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। বর্ষাকালে অতিরিক্ত পানি ধরে রাখতে এবং শুষ্ক মৌসুমে কৃষিকাজে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ছিল এ কর্মসূচির মূল লক্ষ্য। সেই সময় দেশের ৩ হাজার ৬৩৬ মাইল খাল খনন করা হয়েছিল। স্থানীয় জনগণকে সরাসরি উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত করতে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচিও চালু করা হয়েছিল।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top