বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১৫:৫৪
পুঁজিবাজার ও বিমা খাতের দুই নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পদে নিয়োগে বয়সসীমা তুলে দিয়ে সংশোধনী বিল পাস করেছে জাতীয় সংসদ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ডেপুটি স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে কণ্ঠভোটে বিল দুটি পাস হয়। অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিল দুটি উত্থাপন করেন।
সংশোধনী অনুযায়ী, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগের ক্ষেত্রে পূর্বের ৬৫ বছরের বয়সসীমা বাতিল করা হয়েছে। একইভাবে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান ও সদস্য পদে ৬৭ বছরের বয়সসীমাও তুলে দেওয়া হয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, পুঁজিবাজার ও বিমা খাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য অভিজ্ঞ, দক্ষ ও প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার সুযোগ বাড়াতে আইনগুলো সময়োপযোগী করা প্রয়োজন।
বিদ্যমান আইনে বিমা নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান ও সদস্য হওয়ার ক্ষেত্রে বয়সসংক্রান্ত অযোগ্যতার বিধান ছিল। নতুন সংশোধনের মাধ্যমে সেই বিধান বিলুপ্ত করা হয়েছে। ফলে এখন থেকে নির্ধারিত বয়সসীমা ছাড়াই এসব পদে নিয়োগ দেওয়া যাবে।
তবে বিল দুটির বিষয়ে বিরোধীদলীয় সংসদ সদস্যরা আপত্তি জানিয়েছেন। তাদের মতে, বিলের বিষয়বস্তু নিয়ে পর্যাপ্ত আলোচনা হয়নি।
একজন বিরোধীদলীয় সংসদ সদস্য বলেন, সরকার সংসদে সংখ্যাগরিষ্ঠ হওয়ায় আইন পাস করতে পারলেও বিষয়টি আরও বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন ছিল। তার মতে, সংশোধনের ফলে নিয়ন্ত্রক সংস্থাগুলোর শীর্ষ পদে বয়সসংক্রান্ত বাধ্যবাধকতা পুরোপুরি তুলে দেওয়া হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।