জাতীয় সংসদে জানানো হয়েছে, অন্তর্বর্তী সরকারের সময়ে শিশুদের জন্য প্রয়োজনীয় হামের টিকা বিদেশ থেকে আমদানি করা হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার সংসদ অধিবেশনে গাজীপুর–৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, হামে আক্রান্ত হয়ে অনেক শিশুর মৃত্যু ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক। তবে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছে।
তিনি আরও বলেন, বিভিন্ন সময়ের শাসনামলে এবং বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময় শিশুদের হামের টিকা দীর্ঘদিন বিদেশ থেকে আনা হয়নি। এর ফলে স্বাভাবিকভাবেই টিকাদান কার্যক্রমে সমস্যা তৈরি হয়েছে।
তিনি জানান, সংকট মোকাবিলায় জাতিসংঘ শিশু তহবিল দ্রুত সহায়তা দিয়েছে এবং টিকা সরবরাহ করেছে। ফলে প্রায় দুই কোটি শিশুকে হামের টিকা দেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, হামের পরীক্ষায় ব্যবহৃত কিটেরও ঘাটতি রয়েছে। তবে ইতোমধ্যে কিছু কিট দেশে এসেছে এবং আরও কিট দ্রুত ছাড়ের প্রক্রিয়ায় রয়েছে। একটি কিট দিয়ে একাধিক পরীক্ষা করা যায় বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আশা প্রকাশ করেন, দ্রুত উদ্যোগের মাধ্যমে টিকা ও পরীক্ষার কিট সংকট কাটিয়ে জনস্বাস্থ্য পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হবে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।