বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

বিদ্যুৎ সংকটে ৪ দিন বন্ধ খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়

প্রিয় ক্যাম্পাস ডেস্ক | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১৯:২১

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়-এর একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চার দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তীব্র বিদ্যুৎ সংকটের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। তবে ২৩ এপ্রিল নির্ধারিত ভর্তি কার্যক্রম চালু থাকবে। আগামী ২৬ এপ্রিল থেকে যথারীতি সকল কার্যক্রম পুনরায় শুরু হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেন্দ্রীয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় জটিলতার কারণে ন্যাশনাল গ্রিড ও নিজস্ব পাওয়ার প্লান্ট থেকে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানেও কার্যক্রমে বিঘ্ন ঘটছে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্র জানায়, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল, নার্সিং কলেজ ও ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান একই বিদ্যুৎ ব্যবস্থার ওপর নির্ভরশীল। তবে চিকিৎসাসেবা সচল রাখতে হাসপাতালের কার্যক্রম চালু রাখা হয়েছে।

এদিকে, তাঁতশিল্প সমৃদ্ধ এ অঞ্চলে টানা বিদ্যুৎ বিপর্যয়ে সাধারণ জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসহ সকল একাডেমিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top