রাতের মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ মে ২০২৬, ১৫:৫৭
রাজধানীর ঢাকা মেট্রোরেল-এর চলাচলের সময় বাড়ানোর পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। পরিকল্পনা অনুযায়ী, চলতি মে মাসের শেষ দিকে অথবা পবিত্র ঈদুল আজহার পর রাতের সময় আরও ৪০ থেকে ৫০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বাড়ানো হতে পারে।
ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড সূত্রে জানা গেছে, ইতোমধ্যে এ বিষয়ে কারিগরি পরীক্ষা-নিরীক্ষা চলছে। পরীক্ষামূলক কার্যক্রম শেষে আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করা হবে।
পরিকল্পনা অনুযায়ী, মতিঝিল থেকে উত্তরা এবং উত্তরা থেকে মতিঝিল—উভয় দিক থেকেই শেষ ট্রেন রাত ১১টার দিকে চালানোর কথা ভাবা হচ্ছে। বর্তমানে শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে চলাচল করছে।
এছাড়া পিক আওয়ারে ট্রেন চলাচলের ব্যবধানও কমানোর পরিকল্পনা রয়েছে। বর্তমানে যেখানে প্রতি ৫ মিনিটে ট্রেন চলে, নতুন ব্যবস্থায় তা কমে সাড়ে ৪ মিনিটে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে।
বর্তমানে দিনে প্রায় ২৯৭টি ট্রিপ পরিচালিত হয়। সময় বাড়ানো হলে ট্রিপের সংখ্যা আরও বাড়বে এবং যাত্রী চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
ডিএমটিসিএল কর্মকর্তারা জানিয়েছেন, মেট্রোরেল সাড়ে ৩ মিনিট ব্যবধানে ট্রেন চালানোর সক্ষমতা রাখে। তবে লোকবল ও পরিচালন ব্যবস্থার কারণে ধাপে ধাপে সময় বাড়ানো হচ্ছে।
বিশ্লেষকদের মতে, রাতের সেবা বাড়ানো হলে অফিস ফেরত যাত্রী ও সাধারণ যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে এবং রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।