শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাবে বিএনপি
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:২২
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর নতুন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। শিগগিরই নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে এবং সেই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে দলটি।
শনিবার বিষয়টি নিশ্চিত করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি আশা প্রকাশ করেন, আমন্ত্রণ পেলে মোদি শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
ভারতের কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, আগামী সোমবার বা মঙ্গলবার শপথ গ্রহণ করতে পারেন তারেক রহমান ও তার মন্ত্রিসভার সদস্যরা। সময়মতো আমন্ত্রণ পৌঁছালে অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর উপস্থিত থাকতে পারেন বলেও সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে।
উল্লেখ্য, নির্বাচনের ফলাফল ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে তারেক রহমানকে অভিনন্দন জানান নরেন্দ্র মোদি। পাশাপাশি ফোনে কথাও বলেন তিনি।
এদিকে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ জানিয়েছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন। অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সংসদ নির্বাচন ও গণভোটে বিএনপি জোট ২১২টি আসনে জয় পায়। জামায়াত জোট পেয়েছে ৭৭টি আসন, ইসলামী আন্দোলন একটি এবং অন্যান্যরা সাতটি আসন লাভ করেছে। একই দিনে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিপুল ব্যবধানে জয়ী হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।