জামায়াত আমির ও এনসিপি আহ্বায়কের বাসায় আজ যাচ্ছেন তারেক রহমান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৭

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান আজ রোববার জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় নাগরিক পার্টি—এনসিপির আহ্বায়কের বাসায় সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন।

দলীয় সূত্র জানায়, আজ সন্ধ্যা ৭টায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান-এর বসুন্ধরার বাসায় এবং রাত ৮টায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম-এর বেইলি রোডের বাসায় উপস্থিত হবেন বিএনপি চেয়ারম্যান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের একজন দায়িত্বশীল কর্মকর্তা এই কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৯টি আসনে জয়লাভ করে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচনে জামায়াতে ইসলামি ৬৮টি এবং এনসিপি ৬টি আসন পেয়ে বিরোধী দলে বসতে যাচ্ছে।

এদিকে, আগামী সোমবার বা মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হতে পারে—এমন আলোচনা রাজনৈতিক অঙ্গনে চলছে।

এর আগে শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সব পক্ষের সহযোগিতা কামনা করেন।

লন্ডন থেকে দেশে ফেরার পর এটিই ছিল তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। এর আগে তিনি দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top