রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

ভোটারদের ধন্যবাদ জানালেন মনীষা চক্রবর্তী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৪৪

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর-সিটি করপোরেশন) আসনে ‘মই’ প্রতীকে ভোট প্রদানকারী ভোটারদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থী ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর জেলা সমন্বয়ক মনীষা চক্রবর্তী।

একই সঙ্গে বরিশাল-৫ আসনে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী মজিবর রহমান সরোয়ার-কে বাসদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে এক বিবৃতিতে মনীষা চক্রবর্তী এ অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

বিবৃতিতে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনে ‘মই’ প্রতীকে ভোট প্রদানকারী সব ভোটারের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছেন। পাশাপাশি বিজয়ী প্রার্থী মজিবর রহমান সরোয়ারকে অভিনন্দন জানান এবং এ আসনের সকল মানুষের প্রতি শুভকামনা ব্যক্ত করেন।

তিনি জানান, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বরিশাল-৫ আসনে বাসদ ১৭৬টি কেন্দ্র এবং পোস্টাল ভোটসহ মোট ২২ হাজার ৪৮৬টি ভোট পেয়েছে। প্রায় সাড়ে ২২ হাজার ভোটার প্রথাগত রাজনীতির কোটিপতি প্রার্থীদের বিপরীতে তাদের ওপর আস্থা রেখেছেন বলে উল্লেখ করেন তিনি।

মনীষা চক্রবর্তী বলেন, এদের মধ্যে রয়েছেন বহু তরুণ ভোটার, মধ্যবিত্ত শিক্ষিত মানুষ, নারী ও শ্রমজীবী জনগোষ্ঠী। তারা শুধু একটি সংখ্যা নন, বরং ব্যবস্থা বদলের রাজনীতির পরীক্ষিত সমর্থক। এই মানুষগুলো প্রথাগত লুটপাট, দুর্নীতি ও সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির পরিবর্তন চান।

তিনি আরও বলেন, পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণকারী মানুষদের শক্তিকে সামনে রেখে আগামী দিনে দ্বিগুণ গতিতে সাংগঠনিক সামর্থ্য বাড়ানো এবং সমাজ বদলের লড়াইকে আরও জোরদার করার প্রত্যয় নিয়েই তিনি ও তার দল এগিয়ে যাবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top