মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

মেক্সিকো সিটিতে ট্যাংকার বিস্ফোরণ, নিহত ২৫

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭

ছবি: সংগৃহীত

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে ভয়াবহ এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলপিজি) একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন নিহত এবং অন্তত ৬০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার রাজধানীর সবচেয়ে জনবহুল এলাকা ইজতাপালাপা’র একটি ব্যস্ত সড়কে সীমানা দেওয়ালে ধাক্কা খায় জ্বালানিবাহী ট্যাংকার ট্রাকটি। ওই ট্রাকে প্রায় ৫০ হাজার লিটার এলপিজি মজুত ছিল। সংঘর্ষের সঙ্গে সঙ্গেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের ধাক্কায় ট্রাকের আশপাশে থাকা অন্তত ৩০টি যানবাহনেও আগুন ধরে যায়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে ১০ জন ঘটনাস্থলেই মারা যান, বাকিরা হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রাণ হারান। আহতদের মধ্যে ২১ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন, যাদের কয়েকজনের অবস্থা গুরুতর। এ ছাড়া চিকিৎসা শেষে ৩৮ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, চালকের অদক্ষতা এবং অতিরিক্ত গতিই দুর্ঘটনার মূল কারণ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top