সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

এক বছর আটকে রাখার পর ফিলিস্তিনি শিক্ষার্থীকে মুক্তি দিলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ১৬:১৫

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে এক বছর ধরে অভিবাসন হেফাজতে থাকার পর অবশেষে মুক্তি পেয়েছেন ফিলিস্তিনি শিক্ষার্থী লেকা করদিয়া। গাজায় যুদ্ধবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার ঘটনায় প্রথমে তাকে গ্রেপ্তার করা হলেও পরে অভিবাসন সংক্রান্ত জটিলতায় আবার আটক করা হয়।

২০২৪ সালের এপ্রিলে নিউইয়র্ক শহরে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে অনুষ্ঠিত বিক্ষোভে অংশ নেওয়ার সময় শতাধিক শিক্ষার্থীর সঙ্গে লেকাকেও আটক করা হয়। পরে তাকে ছেড়ে দেওয়া হলেও ২০২৫ সালের মার্চে নিয়মিত অভিবাসন সংক্রান্ত উপস্থিতির সময় আবার তাকে গ্রেপ্তার করা হয়।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ জানায়, তার শিক্ষার্থী ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও তিনি দেশটিতে অবস্থান করছিলেন। সংস্থাটির দাবি, ২০২২ সালেই ক্লাসে অনুপস্থিতির কারণে তার ভিসা বাতিল করা হয়েছিল।

এদিকে বিদেশে অর্থ পাঠানো নিয়ে তার বিরুদ্ধে তদন্ত শুরু করে ফেডারেল কর্তৃপক্ষ। তবে করদিয়ার দাবি, তিনি কেবল পরিবারের সদস্যদের কাছে অর্থ পাঠিয়েছিলেন এবং তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ আনা হয়নি।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এক অভিবাসন বিচারক করদিয়ার পক্ষে শক্তিশালী প্রমাণ পেয়েছেন। শুক্রবার অনুষ্ঠিত তৃতীয় জামিন শুনানিতে বিচারক সরকারের যুক্তিকে অসৎ আখ্যা দিয়ে এক লাখ ডলার জামিনে তার মুক্তির নির্দেশ দেন।

সোমবার টেক্সাসের ডালাসের কাছে একটি আটক কেন্দ্র থেকে মুক্ত হয়ে সাংবাদিকদের করদিয়া বলেন, তিনি কী বলবেন বুঝতে পারছেন না- অবশেষে এক বছর পর তিনি মুক্ত হয়েছেন।

স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের অভিযোগ, তিনি যুক্তরাষ্ট্রের বিরোধী রাষ্ট্রে অবস্থানরত ব্যক্তিদের আর্থিক সহায়তা দিয়েছেন। তবে তার পরিবারের দাবি, তিনি শুধুমাত্র আত্মীয়স্বজনদের কাছেই অর্থ পাঠিয়েছিলেন। ঘটনাটি যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি ও শিক্ষার্থীদের অধিকার নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। সূত্র: বিবিসি



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top