মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

পূজার চাঁদা না দেওয়ায় যুবদল নেতার তাণ্ডব ও দোকান ভাঙচুর

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭

ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় পূজার চাঁদা দিতে অস্বীকৃতি জানায় দোকানদারকে মারধরের অভিযোগে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে এই ঘটনায় ভুক্তভোগী শিপন চন্দ্র দাস হাতিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট হাতিয়া উপজেলা আহ্বায়ক ও ইউনিয়ন যুবদলের নেতা রিপন চন্দ্র দাস শিপন চন্দ্র দাসের দোকানে ঢুকে চেয়ারে বসা শিপনকে মারধর করছেন। দোকান মালিক পল্লীচিকিৎসক ছোটন চন্দ্র দাস বাধা দিলে রিপন তার দিকে বারবার তেড়ে আসেন। পরে স্থানীয়রা তাকে দোকান থেকে বের করেন। ঘটনাটি ঘটেছে চরইশ্বর ইউনিয়নের জহরলাল মার্কেটে।

রিপন চন্দ্র দাস হলো চরইশ্বর ইউনিয়নের পূর্ব লক্ষিদিয়া গ্রামের দিলীপ চন্দ্র দাসের ছেলে। তিনি শুধু পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা আহ্বায়ক নন, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদকও।

হামলার শিকার শিপন চন্দ্র দাস জানান, “আমাদের এলাকায় ব্রজবাসী চৌকিদার বাড়িতে দুর্গাপূজা হয়। পূজার চাঁদা দিতে অস্বীকৃতি জানায় রিপন আমার ওপর হামলা চালিয়েছে। পরে বিচার চাইলে পুনরায় মারধরের হুমকি দেয়। সে দলের নাম ভাঙিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে।”

দোকান মালিক পল্লীচিকিৎসক ছোটন চন্দ্র দাস বলেন, “রিপন হঠাৎ আমার দোকানে ঢুকে শিপনকে মারধর করে। আমি বাধা দিলে আমাকে মারার চেষ্টা করেছে এবং বিদ্যুতের মিটার কেটে দেওয়ার ও দোকান বন্ধ করার হুমকি দিয়েছে।”

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আজমল হুদা জানান, রিপন চন্দ্র দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top