রংপুরে দুপুর পর্যন্ত ৪৯.৪০% ভোট পড়েছে
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:৩৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ছয়টি সংসদীয় আসনে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা পর্যন্ত ভোটার উপস্থিতির হার ৪৯ দশমিক ৪০ শতাংশ পৌঁছেছে।
রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান এ তথ্য জানিয়েছেন। রিটার্নিং কর্মকর্তার তথ্যমতে, জেলার বিভিন্ন আসনে ভোটার উপস্থিতির হার নিম্নরূপ:
- রংপুর-১ (গঙ্গাচড়া-মহানগর আংশিক): ১৩৯টি কেন্দ্রে ৩ লাখ ১,৯৬৮ ভোটারের মধ্যে ৪৮% ভোট পড়েছে।
- রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ): ১৩৭টি কেন্দ্রে ৩ লাখ ৭৭,৮০২ ভোটারের মধ্যে ৫০.৮৬% ভোট পড়েছে।
- রংপুর-৩ (মহানগর-সদর): ১৬৯টি কেন্দ্রে ৫ লাখ ২,৯৯২ ভোটারের মধ্যে ৪৪.৯% ভোট গ্রহণ হয়েছে।
- রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা): ১৬৩টি কেন্দ্রে ৫ লাখ ৫,২৫৮ ভোটারের মধ্যে ৫১.৩% ভোট পড়েছে।
- রংপুর-৫ (মিঠাপুকুর): ১৫২টি কেন্দ্রে ৪ লাখ ৬৪,৭৪১ ভোটারের মধ্যে ৫০% ভোট পড়েছে।
- রংপুর-৬ (পীরগঞ্জ): ১১৩টি কেন্দ্রে ৩ লাখ ৫২,৮৫২ ভোটারের মধ্যে ৫১.২৭% ভোটগ্রহণ হয়েছে।
সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণে প্রথম দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়। বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি তুলনামূলক বেশি দেখা গেছে।
জেলার তিনটি আসনে শীর্ষ নেতারা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রংপুর-২ আসনে জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, রংপুর-৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং রংপুর-৪ আসনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ভোট লড়ছেন।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী কেন্দ্রগুলোতে ব্যাপক টহল ও উপস্থিতি রেখেছে। বিকাল সাড়ে চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।